নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ ব্যবসায়ী নিহত
নরসিংদীতে আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন ব্যবসায়ী নিহত হয়েছেন। সকাল আটটার দিকে জেলার পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার মাধবদীর দুলাল মিয়া (৩০) ও গাজীপুরের কালীগঞ্জের দানেশ শিকদার (৪২)। অপর অজ্ঞাত ব্যবসায়ী পুরুষ (৩২)। নিহত তিনজনই কলা ব্যবসায়ী বলে জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ পলাশ উপজেলার চরসিন্ধুর বাজারের সাপ্তাহিক হাটের দিন উপলক্ষে সকাল থেকেই বাজারে ক্রেতা ও বিক্রেতার ভিড় জমে। সকাল আটটার দিকে শিবপুরের দুলালপুর থেকে বালুবোঝাই একটি টাক্ট্রর পলাশ উপজেলার সুলতানপুর যাওয়ার পথে চরসিন্দুর বাজারে ওই তিন কলা ব্যবসায়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল মিয়া ও দানেশ শিকদার মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান আরেক ব্যবসায়ী।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, দুর্ঘটনার পর লোকজন ঘাতক ট্রাক্টরের চালককে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।