নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রদলের কলেজ শাখার সভাপতি বিল্লাল হোসেন ওরফে রনির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে নরসিংদী পৌর শহরে যান চলাচল করেনি। দোকানপাট ও বেসরকারি কার্যালয়গুলোও বন্ধ ছিল। তবে পুলিশের পাহারায় সরকারি কার্যালয়গুলো খোলা রাখা হয়। এদিকে, নিহত রনির বড় ভাই আবুল ফজল বাদী হয়ে গতকাল সকালে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জেলা ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকে কিছুক্ষণ পরপর মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণদী খালপাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সুতাপট্টিতে যাওয়ার পর হরতাল-সমর্থকেরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিকেলে রেলওয়ে স্টেশনের সামনে প্রতিবাদ সভা করার উদ্দেশ্যে নেতা-কর্মীরা জড়ো হন। কিন্তু পুলিশি বাধায় সভা হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে শহরের প্রতিটি সড়ক, গুরুত্বপূর্ণ কার্যালয় ও স্থাপনায় উল্লেখযোগ্যসংখ্যক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ও পুলিশ সদস্য অবস্থান নেন।জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল সাংবাদিকদের বলেন, ‘নরসিংদীবাসী হরতাল সফল করে সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের জোরাল অবস্থানের জানান দিয়েছে। আমরা এখন দেখব পুলিশ কতটা জোরাল অবস্থান নেয়। কয়েক দিনের মধ্যে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।’নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মহসিন হোসেন, জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম সম্পাদক তানজিরুল হক, সাংগঠনিক সম্পাদক নাছিক আহমেদ ও শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেবসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আটজনকে মামলায় আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. নজরুল, নরসিংদী শহরের ব্রাহ্মণদী মোড়ের অভি, ঘোড়াদিয়া মহল্লার জুয়েল ওরফে কাটলি জুয়েল, ব্রাহ্মণদী এলাকার জুনায়েদ আশরাফি, একই এলাকার মিঠুন, গাবতলী বন বিভাগ এলাকার সিয়াম, পশ্চিম ঘোড়াদিয়া মহল্লার বোমা রতন, দাসপাড়া এলাকার তারেক, ঘোড়াদিয়া মহল্লার রুবেল, গাবতলী বন বিভাগ এলাকার আরিফ, ঘোড়াদিয়া মহল্লার সিজন ও তাঁর ছোট ভাই রিজন। তাঁরা সবাই ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রুবেল ওরফে কুত্তা রুবেল নামের ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাসিফ সানোয়ার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা রুবেল নরসিংদীর প্রথম শ্রেণীর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রুবেলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ছাত্রদলের নেতা বিল্লাল হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে গতকাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে।গত মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে একদল দুর্বৃত্ত কলেজ ছাত্র সংসদের কার্যালয়ে ঢুকে জিএস বিল্লাল হোসেন ওরফে রনিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।