নরসিংদীতে হরতালে ২৬ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং করার সময় বিভিন্ন এলাকা থেকে ২৬ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড, সাহেপ্রতাব মোড় এবং পাঁচদোনা এলাকা থেকে তাদের আটক করে নরসিংদী মডেল থানায় নিয়ে আসে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হরতাল সমর্থনকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকার পিকেটিং শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই ২৬ জনকে আটক করে থানা হাজতে নিয়ে আসা হয়। এ সময় আটককৃতদের থানা হাজতের ভেতর জিকির-আসকার করে কান্নাকাটি করতে দেখা গেছে। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বয়োবৃদ্ধ ব্যক্তিও রয়েছেন। এদিকে আটকের পরও সকাল থেকে নরসিংদীর রাস্তাঘাট ছিল পিকেটারদের দখলে। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করায় ঢাকা-সিলেট মহাসড়ক রয়েছে ফাঁকা। মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতেও তেমন কোনো যানবাহন চলাচল করেনি। জেলা শহরে দোকানপাট ও বিপণিবিতানগুলোও বন্ধ রয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কে পিকেটিং করার সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।