নরসিংদীতে ১৩ শিবিরকর্মী গ্রেপ্তার
নরসিংদীর একটি ছাত্রাবাস থেকে ১৩ জন শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, জেহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে জেলার ব্রাহ্মণদী এলাকায় একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতদের বেশির ভাগই গাবতলী জামেয়া কাশেমিয়া মাদ্রাসার ছাত্র। গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক, অর্থবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, শিবিরকর্মী তাওহিদুল ইসলাম, ফারুক মিয়া, ফজল মাহমুদ, ফোরকান হোসেন, আসাদুল হক, জাহিদ হাসান, আমিনুল ইসলাম, আনিছুজ্জামান, বাহাউদ্দিন, মোরশেদ আলম ও জহিরুল হক।নরসিংদী সদর থানার পুলিশ জানায়, বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ওই ছাত্রাবাসের একটি কক্ষে ছাত্রশিবির কর্মীরা গোপন সভা করছে, এমন খবরের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায় এবং ওই ১৩ জনকে গ্রেপ্তার করে। ছাত্রাবাসের ভেতরে শিবিরের ব্যবহূত একটি কক্ষ থেকে একটি সাটার গান, চারটি কার্তুজ, তিনটি রামদা, দুটি তলোয়ার, শতাধিক জেহাদি বই, চাঁদা আদায়ের বই ও নয়টি সিডি পাওয়া যায়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃতরা ছাত্রশিবিরের নেতা-কর্মী। তারা ছাত্রাবাসে বসে নাশকতার পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করেছে।নরসিংদী শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রশিবিরের নেতা-কর্মী হলেও আমরা কোনো গোপন সভা করেনি। পুলিশ কেন আমাদের গ্রেপ্তার করল তা জানি না।’নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহফুজ আহমেদ বলেন, ‘আমাদের কর্মীদের কাছে অস্ত্র পাওয়ার কথা নয়। কারণ, ছাত্রশিবির অস্ত্র ব্যবহার কিংবা তাতে বিশ্বাস করে না। সারা দেশের মতো নরসিংদীতেও শিবির নেতা-কর্মীদের হয়রানি করতে পুলিশ নানা মনগড়া গল্প তৈরি করছে।’