সুতার দাম কমানোর দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা
নরসিংদীতে ৫০ হাজার তাঁতকলে উৎপাদন বন্ধ
নরসিংদীর তাঁতসমৃদ্ধ এলাকা মাধবদীর নূরালাপুর ইউনিয়নের আলগী এলাকার তাঁতি মো. শহীদুল্লাহর এখন আর রাতে ভালো ঘুম হয় না। কারণ, প্রিয় টেক্সটাইল মিল থেকে কানে এসে লাগে না তাঁত বোনার তীব্র শব্দ। এক সপ্তাহ হলো তাঁর মিলে উৎপাদন বন্ধ। ‘বিকট শব্দ ভালো ঘুম’—এই মন্ত্রে বিশ্বাসী নরসিংদীর তাঁতিরা। বেশি শব্দ মানে বেশি উৎপাদন। বেশি উৎপাদন মানেই ভালো লাভ। শব্দ নেই তো ভালো ঘুম উধাও। জেলার অন্তত পাঁচ হাজার মিলের মালিক ও লক্ষাধিক শ্রমিকের ঘুম কেড়ে নেওয়ার প্রকাশ্য কারণ সুতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ২৪ ঘণ্টার ব্যবধানে সুতার দাম বাড়ছে। আর ২৪ ঘণ্টার ব্যবধানে বন্ধও হচ্ছে তাঁতকল। সব মিলিয়ে এরই মধ্যে জেলার অর্ধ লক্ষাধিক তাঁতকলে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে আরও প্রায় ৩০ হাজার তাঁতকল। এ অবস্থায় সুতার দাম কমানোর দাবিতে মালিক-শ্রমিকেরা এখন বড় ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁতশিল্পের কল্যাণেই সারা দেশে নরসিংদী জেলার ব্যাপক পরিচিতি। জেলার বাবুরহাটে গড়ে উঠেছে দেশের বৃহত্ কাপড়ের পাইকারি বাজার। এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি গড়ে উঠেছে তাঁতশিল্পকে কেন্দ্র করে।তাঁতিরা জানান, এত দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি করা হতো। এতে কয়েক বছর ধরে পাউন্ডপ্রতি সুতার দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে। এই দর তাঁতশিল্প টিকে থাকা এবং প্রসারে সহায়ক ছিল। কিন্তু গত ঈদুল ফিতরের পর বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত বাতিল এবং জলপথে আমদানি চালু রাখা হয়। এর পর থেকেই সুতার বাজার অস্থির হয়ে উঠেছে। গত এক মাসের ব্যবধানে পাউন্ডপ্রতি সুতার দর ৯৫ থেকে ১১০ টাকা ওঠে। এই দরে সুতা কিনে কাপড় তৈরি করে লাভের মুখ দেখা এখন আর কোনো তাঁতির পক্ষে সম্ভব হচ্ছে না। প্রতি গজে লোকসান হচ্ছে এক থেকে দেড় টাকা। গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধের বাধ্যবাধকতা, শ্রমিকদের বাঁচিয়ে রাখা এবং পাইকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক টিকিয়ে রাখতে এত দিন অনেক মালিক তাঁতকল চালু রেখেছিলেন। ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় এখন আর কারও পক্ষে তাঁত চালু রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে তাঁতকল বন্ধ করে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।মিলগুলোর মালিকদের অভিযোগ, স্পিনিং মিলের মালিকেরা অস্বাভাবিক মুনাফা পেতে নীতিনির্ধারকদের ভুল বুঝিয়ে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করান। আর তাতে দেশের প্রায় সোয়া কোটি তাঁতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদীর তাঁতসমৃদ্ধ মাধবদী এলাকায় গিয়ে তাঁতকলের শব্দ আর পাওয়া যায়নি। আলগী এলাকার শহীদুল্লাহ টেক্সটাইল মিলে গিয়ে দেখা যায়, চারটি ছাড়া বাকি তাঁতকলগুলো বন্ধ। মিলের মালিক মো. শহীদুল্লাহ এর জন্য সুতার মূল্যকেই দায়ী করলেন। একই এলাকার বিশাল সততা টেক্সটাইল মিলেও গুটিকয়েক কলের চাকা ঘুরতে দেখা যায়। মিলের ব্যবস্থাপক কাওসার আলম জানান, গত এক সপ্তাহে আর্থিক ক্ষতি হয়েছে ৪০ লাখ টাকা।নূরালাপুর এলাকার হাফিজ উদ্দিন টেক্সটাইল মিলেও একই চিত্র। মিলের সুপারভাইজার ফজলুল হক জানান, স্বাধীনতার পর এত বড় সংকটে কখনো পড়তে হয়নি। সুতার কারণে এরই মধ্যে অর্ধেকের বেশি মিলের তাঁতকল বন্ধ গেছে।মাধবদীর সোহাগ টেক্সটাইল মিলের মালিক ইলিয়াস মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সুতা আমদানি বন্ধ করার কারণে স্পিনিং মিলের মালিকেরা যা খুশি তা-ই করছেন। সকালে দাম করে গেলে দুপুরে গিয়ে ওই দামে সুতা কেনা যাচ্ছে না, রাতেও দাম আরেক দফা বাড়ছে। মাধবদী বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সুতার মূল্য বৃদ্ধি সমস্যার সমাধানই পারে নরসিংদীর তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখতে।এদিকে, টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সাইজিং মিলেও। বহু সাইজিং মিলে তালা লাগিয়ে দিতে হয়েছে। শ্যামতলী এলাকার রিয়াদ সাইজিং মিলে গিয়ে দেখা যায়, সেখানে কোনো শ্রমিক নেই। ব্যবস্থাপক আ. ছাত্তার জানান, সুতার উচ্চ মূল্যের কারণে তাঁতকল বন্ধ আছে। আর তাঁতকল বন্ধ থাকলে সুতার সাইজিং করার দরকার নেই। এ কারণে সাইজিং মিলও বন্ধ। এতে করে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে।কষ্টে আছেন শ্রমিকেরাও। তাঁতশ্রমিক হাবিবুর রহমান ও কাজল মিয়া জানান, ‘আমাদের মজুরি আসে উৎপাদনের ওপর। মিল বন্ধ থাকার কারণে উৎপাদন বন্ধ আছে। এ কারণে আমাদের মজুরিও বন্ধ। ফলে খুবই কষ্টে সময় পার করতে হচ্ছে।’ বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন বলেন, দেশের ৮০ ভাগ কাপড়ের চাহিদা মিটিয়ে থাকে দেশের তাঁতশিল্প। এমন সম্ভাবনাময় খাত আজ চরম সংকটের মধ্যে। বিষয়টি নিয়ে আমরা বাণিজ্যমন্ত্রী ও পাটমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছি। তাঁরা আমাদের সমস্যার খুব দ্রুত সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। অপেক্ষা আরও দীর্ঘ হলে কারখানায় তাঁতকল পড়ে থাকলেও একজন তাঁতিও বেঁচে থাকবেন না। এরই মধ্যে শুধু নরসিংদীতেই অর্ধলাখ তাঁতকল বন্ধ হয়ে গেছে।তিনি জানান, এ অবস্থায় তাঁরা দাবি আদায়ে আন্দোলনে যাবেন। আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে।