নরসিংদীর চরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল শ্রীনগরে আজ শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় একটি দোকান ও ছয়টি বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এ ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি।স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, গত বুধবার শ্রীনগর গ্রামের অহিদ মিয়ার সমর্থক আবু জালালের সঙ্গে একই গ্রামের সামাদ মেম্বারের সমর্থক সাগরের কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের সমর্থকেরা টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে সমবেত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বাচ্চু মাস্টার বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আজ শুক্রবার সকাল সাতটার দিকে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নূরু মিয়া (৫০), তাঁর স্ত্রী সুরিয়া বেগম (৪০), মো. হানিফ মিয়ার স্ত্রী হেলেনা আক্তার (৪০), আলীপুরা গ্রামের আল আমিনের স্ত্রী সখিনা বেগম (২০) ও ইসমাইল মিয়া (১৮) আহত হন।সকাল নয়টার দিকে নরসিংদী সদর হাসপাতালে যোগাযোগ করলে জানা যায়, ওই ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিত্সা এবং হেলেনা আক্তারকে ঢাকায় পাঠানো হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজ সকাল ১০টার দিকে জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে মাত্র শুনেছেন। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবে।