নরসিংদীর ট্রেন দুর্ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, নরসিংদীর ট্রেন দুর্ঘটনা নাশকতা কি না, তা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখার জন্য রেলওয়ের প্রধান প্রকৌশলীকে (মেকানিক্যাল) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।নরসিংদীর সাংসদ জহিরুল হক মোহন গতকাল বুধবার বিকেলে নরসিংদীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার চিত্র তুলে ধরে এ ব্যাপারে যোগাযোগমন্ত্রীর বক্তব্য দাবি করেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সরকারিদলের বেশির ভাগ সাংসদ উপস্থিত ছিলেন।সৈয়দ আবুল হোসেন বলেন, ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত ও ২৯ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২৩ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় আনা হয়েছে। স্থানীয় লোকজন শুরুতেই ব্যাপকভাবে উদ্ধারকাজ শুরু করায় দ্রুততম সময়ে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। এত বড় ট্রেন দুর্ঘটনা তাঁর জীবনে কোথাও দেখেননি বলেও জানান তিনি।যোগাযোগমন্ত্রী আরও বলেন, রেলওয়ের নিয়ম অনুসারে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে। এর বাইরেও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।আলোচনা শেষে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, গভীর সমুদ্রে বাংলাদেশের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। তিনি এ ব্যাপারে নৌপরিবহনমন্ত্রীর বিবৃতি আহ্বান করেন।এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘এ ধরনের জাহাজ ছিনতাইয়ের ঘটনা বাংলাদেশের জন্য নতুন। সরকার বিষয়টির ওপর গভীরভাবে নজর রাখছে। তবে এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’