নরসিংদীর নির্বাচনে এবার ওয়েব ক্যামেরা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নরসিংদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে এবার ওয়েব ক্যামেরা ব্যবহার করা হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রথম ধাপ হিসেবে ইভিএম ব্যবহারের পর দ্বিতীয় পর্যায়ে নতুন প্রযুক্তি হিসেবে এই ক্যামেরা ব্যবহার করা হবে। আজ শনিবার সকাল ১০টার দিকে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপনির্বাচন বিষয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় এ টি এম শামসুল হুদা এসব কথা বলেন। নরসিংদী পৌর উপনির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ওবায়দুল আজম।প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের সব বুথে স্থাপিত ওয়েব ক্যামেরা দিয়ে পুরো ভোট গ্রহণ রেকর্ড করা হবে। এ ছাড়া পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। নির্বাচনের সময় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতি কেন্দ্রে ২৪ জন করে নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে।প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছবি-সংবলিত বিলবোর্ড ও ছবি সরিয়ে ফেলার যে অভিযোগ করা হয়েছে, তা নির্বাচনী আইনের আওতায় পরে না বলে মন্তব্য করেন সিইসি। কারণ হিসেবে তিনি বলেন, আইনে নির্বাচনে কোনো প্রতিবন্ধী প্রার্থীর রঙিন ছবি-সংবলিত বিলবোর্ড থাকতে পারবে না। সেখানে প্রয়াত লোকমান হোসেনের ছবি সরানোর প্রয়োজন নেই।সিইসি আরও বলেন, ‘নরসিংদীর উপনির্বাচন আমাদের মেয়াদের সর্বশেষ নির্বাচন।’ তিনি এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।