১৯৭১ সালে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে শুরু করেছিল ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। তখন হকচকিত মানুষকে উদ্বেলিত করে বাঙালি সেনাদের প্রতিরোধ। এ নিয়ে লিখেছেন রাশেদুর রহমানএপ্রিল ১৯৭১। মুখে মুখে খবর ছড়িয়ে পড়েছে, ঢাকার কাছে কোথায় যেন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধযুদ্ধ চলছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ছড়িয়ে পড়ল ঢাকা ও নরসিংদীর মাঝামাঝি কোনো এক জায়গার আরেকটি যুদ্ধের খবর।আকাশবাণীর কলকাতা কেন্দ্রেও প্রচারিত হলো খবরটি। বেতারে প্রচারিত খবরটি ছিল বেশ চাঞ্চল্যকর। ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী পিলখানার ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করেছিল। কিন্তু বাঙালি ইপিআর ও পুলিশ দুঃসাহসিক ও বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে। সে রাতেই এ প্রতিরোধ ভেঙে পড়ে। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ছিল এক অবিস্মরণীয় ঘটনা। ঢাকা ও আশপাশের এলাকায় আর তেমন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।এপ্রিলের প্রথম সপ্তাহে মেজর কে এম সফিউল্লাহর (বীর উত্তম, পরে সেনাপ্রধান ও মেজর জেনারেল) নির্দেশে ময়মনসিংহ থেকে একদল ইপিআর সদস্য ঢাকার অদূরে ডেমরায় অবস্থান নেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা। লক্ষ্য, ঢাকা আক্রমণ করা। এটি ছিল ডেমরায় অবস্থান নেওয়া অগ্রগামী দল। ঢাকা আক্রমণের সে পরিকল্পনা অবশেষে বাতিল হয়।পাকিস্তান সেনাবাহিনীর একটি দল ডেমরা হয়ে নরসিংদী যাওয়ার চেষ্টা করেছিল। ডেমরায় অবস্থান নেওয়া যোদ্ধারা তাদের বাধা দেন। কয়েক ঘণ্টা যুদ্ধের পর পাকিস্তানি সেনারা পিছু হটে ঢাকায় ফিরে আসে। পাকিস্তানি সেনারা এরপর কয়েক দিন আর ওদিকে যাওয়ার চেষ্টা করেনি।প্রতিরোধ যোদ্ধারা এরপর ডেমরা থেকে সরে গিয়ে অবস্থান নেন নরসিংদীর পাঁচদোনায়। ২৬ মার্চের পর ঢাকা থেকে একদল ইপিআর সদস্য ও পুলিশসহ ছাত্র-জনতা নরসিংদী এলাকায় সমবেত হয়েছিলেন। ময়মনসিংহ থেকে আসা প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গেই তাঁদের অধিকাংশ যোগ দেন।পাকিস্তান সেনাবাহিনী ঢাকা থেকে পুনরায় নরসিংদী যাওয়ার চেষ্টা করে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। এর আগে ৪ ও ৫ এপ্রিল পাকিস্তানি জঙ্গি বিমান নরসিংদীতে বোমা ফেলে। তারপর কেটে যায় আরও দু-তিন দিন। নরসিংদী তখন মুক্ত। ঢাকা-নরসিংদী সড়কেও মানুষের চলাচল নেই। এপ্রিলের মাঝামাঝি হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, পাকিস্তান সেনাবাহিনী ঢাকা থেকে নরসিংদীর দিকে এগোচ্ছে।পথিমধ্যে পড়ে বাবুরহাট, কাপড়ের বাজারের জন্য বিখ্যাত। বাবুরহাট থেকে জিনারদী আরও মাইল সাতেক। এর তিন মাইল পর নরসিংদী। এ পথ ধরেই নরসিংদীর দিকে এগিয়ে চলে পাকিস্তানি সেনাবাহিনীর লরি ও জিপ। তাদের কাছে মর্টার, রকেট ও মেশিনগানের মতো অত্যাধুনিক অস্ত্র।পাকিস্তানি সেনাবাহিনীর বহর বাবুরহাট পৌঁছেছে। বাবুরহাট আর জিনারদীর মাঝখানে পাঁচদোনা। প্রতিরোধ যোদ্ধারা অবস্থান নিয়েছেন এখানেই।জনশূন্য রাস্তায় পাকিস্তান সেনাবহর এগিয়ে যাচ্ছিল নিশ্চিন্তে। বাবুরহাট পর্যন্ত কোথাও কোনো বাধা পায়নি। পাঁচদোনার কাছে যাওয়া মাত্র শান্ত পল্লি-প্রকৃতিকে চমকে দিয়ে হঠাৎ দ্রুম দ্রুম শব্দ। মর্টারের গোলার স্প্লিন্টার এসে পড়ল একটা সেনাবাহী লরিতে। একই সঙ্গে ঝাঁকে ঝাঁকে গুলি। এমন অপ্রত্যাশিত আক্রমণ পাকিস্তানিদের সুদূর কল্পনাতেও ছিল না।পাকিস্তানি সেনারা যে যেভাবে পারল, গাড়ি থেকে ঝাঁপিয়ে নেমে অবস্থান নিয়ে গোলাগুলি শুরু করল। যুদ্ধ চলল একটানা কয়েক ঘণ্টা। প্রতিরোধ যোদ্ধাদের জোরালো আক্রমণে পাকিস্তানিদের ক্ষয়ক্ষতি বাড়তে থাকলে তারা পিছু হটার সিদ্ধান্ত নিল। ততক্ষণে মুক্তিসেনাদের আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনীর সামনে থাকা তিনটি লরি অচল হয়ে গেছে। অচল লরি তিনটি ফেলে নিহত ও আহতদের অন্য একটি লরিতে তুলে তারা চলে গেল বাবুরহাটে।পাকিস্তানি সেনারা পরদিন বাবুরহাট থেকে পাঁচদোনা ও নরসিংদী শহর লক্ষ্য করে শুরু করল প্রচণ্ড গোলাবর্ষণ। প্রতিরোধ যোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত হয়ে পাকিস্তানি সেনাদের ওপর চালাতে লাগলেন পাল্টা আক্রমণ। সারা দিন ধরে নানা জায়গায় চলল খণ্ড খণ্ড যুদ্ধ। ঢাকা থেকে বাবুরহাটে এসে যোগ দিল অতিরিক্ত একদল পাকিস্তানি সেনা। প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান চিহ্নিত করে তারা শুরু করল সাঁড়াশি আক্রমণ। বিমান থেকে বোমাবর্ষণও শুরু হলো। প্রবল এ আক্রমণের মুখে মুক্তিযোদ্ধারা পিছু হটলেন। পতন হলো নরসিংদীর।এ যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রতিরোধ যোদ্ধাদের তেমন কোনো ক্ষতি হয়নি। প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে যুদ্ধে সার্বিক নেতৃত্ব দেন ক্যাপ্টেন মতিউর রহমান (বীর প্রতীক, পরে মেজর জেনারেল)। উপদলের নেতৃত্ব দেন ইপিআরের নায়েব সুবেদার সুলতান আহমেদ (বীর বিক্রম, পরে সুবেদার মেজর), নায়েব সুবেদার আবদুল মালেক ও নায়েব সুবেদার এ কে এম ফরিদ উদ্দিন আহমেদ। এ ছাড়া স্থানীয়ভাবে সংগঠিত ছোট ছোট কয়েকটি দলও প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ছিল। এসব দলের নেতৃত্বে দেন এ এন এম নূরুজ্জামান (বীর উত্তম, পরে ব্রিগেডিয়ার জেনারেল), সিরাজউদ্দীন (বীর প্রতীক, নেভাল সিরাজ নামে পরিচিত) ও ইমামউদ্দীন।ভুল সংশোধনীগতকাল (৯ মার্চ) প্রথম আলোয় প্রকাশিত ‘ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্রোহ’ প্রতিবেদনে লেফটেন্যান্ট হুমায়ুন কবির চৌধুরীর (বীর প্রতীক) নাম ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে নামটি হবে লেফটেন্যান্ট এ কে ফজলুল কবির (পরে মেজর জেনারেল)। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।