নরসিংদীর বন্দুকযুদ্ধের ঘটনা তদন্ত করবে মানবাধিকার কমিশন
নরসিংদীতে ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হওয়ার ঘটনা তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টার অনুষ্ঠিত দুই দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ কথা বলেন।‘মানবাধিকার এবং ভূমি ও খাদ্যর ওপর জনগণের অধিকার’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় তিনি বলেন, ‘কয়েক দিন আগেও আমরা ভেবেছিলাম ক্রসফায়ার বন্ধ হয়েছে। সাম্প্রতিক দুটি ঘটনায় আমরা আবার ক্রসফায়ার হতে দেখলাম। যেকোনো নামেই হোক, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে মানবাধিকার কমিশন গ্রহণ করবে না।’এ ঘটনায় মানবাধিকার কমিশনের সব কমিশনারকে নিয়ে বৈঠক করে শিগগিরই তদন্তকাজ শুরু করা হবে বলেও জানান মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে ভূমিবিষয়ক সমস্যা সমাধানেরও উদ্যোগ নেওয়া হবে।গত সোমবার নরসিংদীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন নিহত এবং রাজধানীতে একজন নিহত হয়। র্যাব জানায়, নরসিংদীতে নিহত ব্যক্তিরা ছিনতাইকারী। আর রাজধানীতে নিহত ব্যক্তি সন্ত্রাসী বলে দাবি করে র্যাব।