নরসিংদীর বেলাবতে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাবতে কলেজছাত্র রকিবুল হাসান ওরফে রাজীবের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজীবের বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকেরা তা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।রাজীব নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলার চর উজিলাব পশ্চিমপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।নিহত রাজীবের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় চর উজিলাব বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা রাজীবকে কুপিয়ে হত্যা করে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয়। ঢাকার ফায়ার সার্ভিস থেকে আট সদস্যের ডুবুরি দল গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত আড়িয়াল খাঁ নদ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি। রাজীবের বাবা বাচ্চু মিয়া প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলে রাজীবকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। আবার এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আমার মেয়ে আমলাব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আইরিন আক্তারকে উঠিয়ে নেবে বলে হুমকি দিচ্ছে।’বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।