নরসিংদীর শিবপুরে দুই ডাকাত আটক
নরসিংদীর শিবপুরে গণডাকাতির সময় জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। এ সময় ডাকাতের হাতে আহত হয়েছেন দুই গ্রামবাসী। দুই ডাকাতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার কপালিয়ার টেক গ্রামের ফিরোজ মিয়া (২৬)।এলাকাবাসী ও আহতরা জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক পৌনে তিনটার দিকে উপজেলার কোন্দেরপাড় গ্রামের সামসু মিয়ার বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে ডাকাতের হামলায় গৃহকর্তা মোবারক হোসেন আহত হন। পরে ডাকাত দলটি পাশের ইটনা গ্রামের বজলুর রহমানের দোকানে ঢোকে। তারা দোকানমালিক বজলুর রহমানকে মারধর করে টাকা লুট করে। পরে ডাকাত দলটি দেড় লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামের শত শত মানুষ চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এ সময় জনতার হাতে দুই ডাকাত আটক হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রাতেই শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ডাকাতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও শিবপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হাসান বলেন, আটককৃত দুজনের মধ্যে গণপিটুনিতে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিত্সাধীন থাকায় তার নাম জানা যায়নি। এ ব্যাপারে এখনো কেউ কোনো মামলা করেনি।