নরসিংদীর হাজত থেকে রিমান্ডে থাকা আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব থানার হাজত থেকে রিপন মিয়া নামে রিমান্ডে আনা এক আসামি পালিয়ে গেছেন। রিপনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তাঁর বিরুদ্ধে বেলাব থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা ছাড়াও ভৈরবসহ দেশের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। বেলাব থানা সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর একটি ডাকাতির ঘটনায় বেলাব থেকে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তিন দিনের রিমান্ডে তাঁকে থানা হাজতে আনা হয়। রাতে রিপন কনস্টেবল আবদুল হাকিমের কাছে এক গ্লাস পানি চান। আবদুল হাকিম পানি নিয়ে হাজতে ঢুকলে রিপন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ রিপনকে ধাওয়া করলেও আর ধরতে পারেনি।সোমবার রাতেই নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সৈয়দ আবু সায়েম বেলাব থানা পরিদর্শন করেছেন। কর্তব্যে অবহেলার অভিযোগে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আব্বাস আলী ও কনস্টেবল আবদুল হাকিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আসামি রিপনকে ধরতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।