কিশোরগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া এককালের খরস্রোতা নরসুন্দা এখন মরা নদী। এই নরসুন্দার মতোই যেন গতি ও প্রাণচাঞ্চল্যহীন হয়ে পড়েছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে প্রায় ১১ বছর ধরে চলছে দলটি। এর প্রভাব পড়ছে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতা-কর্মীদের ওপর। দলের এই পরিস্থিতিতে হতাশ তাঁরা। জেলা কমিটির প্রচার সম্পাদক আনোয়ার কামাল জানান, প্রায় ১১ বছর আগে জেলা কমিটির মেয়াদ শেষ হয়। প্রচার সম্পাদক পদের ওপরের সব পদই চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৭ সালে। প্রায় ১১ বছর আগে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। ওই সম্মেলেন জাতীয় সংসদের বর্তমান স্পিকার আবদুল হামিদ সভাপতি ও তৎকালীন সাংসদ শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বছর খানেকের মধ্যে শামসুল হক মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় শাহাবুদ্দিন ঠাকুরকে। ২০০৮ সালে শাহাবুদ্দিন ঠাকুরও মারা যান। এর পর থেকে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আফজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত বছর সাংগঠনিক সম্পাদক জিন্নাতুল ইসলাম মারা যান। এ পদটি শূন্যই রয়েছে। সভাপতি আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ওয়াহিদুল ইসলামকে। সব মিলিয়ে ৬২ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অধিকাংশ সদস্যই প্রায় নিষ্ক্রিয়।সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরগঞ্জ শহরের স্টেশন সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়, যা বছরের বেশির ভাগ সময় বন্ধ থাকে। মাঝেমধ্যে সন্ধ্যার পর হাতেগোনা নেতা-কর্মী কার্যালয়ে এসে আলো জ্বালিয়ে বসে থাকেন। অধিকাংশ নেতা-কর্মীর অভিযোগ, ১০ বছর ধরে একাধিকবার কেন্দ্রীয় নেতাদের কাছে নতুন কমিটি গঠনের দাবি জানানো হলেও, কমিটি করা হয়নি। দল ক্ষমতাসীন হওয়ার পর কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জে এলেও স্থানীয় নেতারা কমিটি গঠনের প্রয়োজনীয়তার বাস্তব চিত্র তুলে ধরার সাহস পান না। কারণ, এতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দূরত্ব বেড়ে যেতে পারে বলে শঙ্কা তাঁদের। একটি সূত্র জানায়, সভাপতি স্পিকার আবদুল হামিদ কিশোরগঞ্জ এলে তাঁর শহরের বাসভবনে নেতা-কর্মীরা ভিড় করেন। তিনি চলে গেলে তাঁদের অধিকাংশকেই আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায় না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, মহাজোট সরকার গঠনের পর স্থানীয় সাংসদ ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাত্র দুবার নির্বাচনী এলাকায় আসেন। তাঁর দীর্ঘ অনুপস্থিতি দলের একটি অংশের নেতা-কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘ সময় কমিটি না হওয়ায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শুধু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ের কর্মসূচি ও জাতীয় দিবসগুলো নামেমাত্র পালন করা হয়। নারীনীতি, কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ সরকারের ইতিবাচক দিক তুলে ধরে একটি সভা করতে পারেনি জেলা আওয়ামী লীগ। তাঁরা জানান, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। এর নেতিবাচক প্রভাব পড়েছে দলের প্রতিটি স্তরে। ‘কিশোরগঞ্জের নরসুন্দা নদীর মতোই যেন গতিহীন হয়ে পড়েছে জেলা আওয়ামী লীগ। মাঠের প্রকৃত অবস্থা কী, কেউ জানতে চায় না,’ বলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদী।আবদুল হামিদ বলেন, ‘স্পিকারের দায়িত্ব নেওয়ার পর পদ ছেড়ে দিয়েছি। কারণ, আমি সংগঠনে থাকতে পারি না। দলীয় বৈঠকে অংশগ্রহণ করাও অনৈতিক কাজ বলে মনে করি।’ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল জানান, গণতান্ত্রিক দল হিসেবে এত দিন সম্মেলন না হওয়াটা ঠিক হয়নি। তবে সম্মেলন না হওয়ায় দলীয় রাজনীতিতে স্থবিরতা চলছে—এ কথা মানতে নারাজ তিনি।