নরিকোর চিত্রকলা প্রদর্শনী
গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিককেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গতকাল থেকে জাপানের শিল্পী নরিকো ইয়ানাগিসাওয়ার ‘ড্রিমস অব ল্যান্ড’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বিকেলে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও শিল্পী নরিকো ইয়ানাগিসাওয়া। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৩৬টি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।শিল্পী নরিকো ইয়ানাগিসাওয়ার জন্ম ১৯৪০ সালে জাপানের শিজুওকা জেলার হামামাৎসু শহরে। তিনি ১৯৬৩ সালে ‘জাপান ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফাইন আর্টস অ্যান্ড মিউজিক’ থেকে ‘অয়েল পেইন্টিং’ বিষয়ে বিএ ডিগ্রি এবং ১৯৬৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রদত্ত ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন পদক’; ২০০১ সালে ‘গার্ডেন অ্যাট দ্য ওয়াটারফ্রন্ট-৫’-এর জন্য নুমাজু সিটি প্রদত্ত ‘জেন ইয়ামাগুচি মেমোরিয়াল গ্র্যান্ড প্রাইজ’ এবং আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন।