নর্থ সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ‘সন্ত্রাসী উত্পাদনের ক্ষেত্র’ বলে উল্লেখ করা অভিযোগের সত্যতা যাচাইয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।আদেশে বলা হয়, ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত বলে এর আগে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁদের গ্রেপ্তারও করা হয়নি। অপর প্রতিবেদনে অভিযোগ রয়েছে, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী উৎপাদনের ক্ষেত্র।’ রুলে ওই দুটি বিষয়ের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রাস্টিদের ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এসব অভিযোগ তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আসিফ মহিউদ্দিনের ওপর হামলার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও জানতে চেয়েছেন আদালত। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ১২ মার্চ জানাতে বলেছেন আদালত। আজ ‘রাজীবের আগে আসিফকে হত্যার চেষ্টা করে নর্থ সাউথের অন্য ঘাতক চক্র, হামলাকারীদের ধরতে পারেনি পুলিশ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে বিভিন্ন দৈনিকেও প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেন। পুলিশ সূত্র জানায়, ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত থাকার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রকে গত শুক্রবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, ছাত্রশিবিরের সাবেক এক নেতা ‘বড় ভাইয়ের’ নির্দেশে তাঁরা রাজীবকে হত্যা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারের ঘটনা জানার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পাঁচ ছাত্রের ছাত্রত্ব স্থগিত ও পরে তাঁদেরকে বহিষ্কার করে।