নর্থ সাউথে ‘ফার্ম ডি’ বিভাগ খোলা নিয়ে জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিকভাবে সমাদৃত ছয় বছরের ফার্ম ডি (ডক্টর অব ফার্মেসি) কোর্স খোলা নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জালিয়াতির আশ্রয় নিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের (পিসিবি) অনুমতি ছাড়াই কোর্সটি চালু করা হয়েছে।বিষয়টি নিয়ে ইউজিসির পক্ষ থেকে শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্ম ডি চালুর চেষ্টা করলেও ইউজিসি অনুমতি দেয়নি।ইউজিসি ও পিসিবির অনুমতি না নিয়ে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এবং সিন্ডিকেটের কাছে তথ্য গোপন করে এই বিভাগ চালুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাইরে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফার্ম ডি কোর্স-সম্পর্কিত সব তথ্য নামিয়ে ফেলা হয়েছে।ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ধরনের কোর্স খোলার মতো শিক্ষক বা আনুষঙ্গিক উপকরণ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নর্থ সাউথের পক্ষ থেকে কোর্সটি খোলার আবেদন করা হলেও তা নাকচ করা হয়। তার পরও এ ধরনের উদ্যোগ শাস্তিযোগ্য অপরাধ। মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।বোর্ড অব ট্রাস্টি ও সিন্ডিকেটকে অন্ধকারে রাখা হয়: বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির (বিওটি) একাধিক সদস্য জানান, তাঁদের না জানিয়ে নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত উপাচার্য আবদুস সাত্তার এবং কোর্সের সমন্বয়কারী ও সিন্ডিকেট সদস্য জে এম এ হান্নান। উপাচার্য ২২তম সিন্ডিকেট সভায় অবগত করেন যে ইউজিসি ও ফার্মেসি কাউন্সিল ফার্ম ডি চালুর অনুমোদন দিয়েছে। এরপর নিউইয়র্কে অবস্থিত লং আইল্যান্ড এবং ব্রিটেনের দুটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অনুমোদন নেন তাঁরা। সফর বাবদ গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় তহবিল থেকে তাঁরা পাঁচ লাখ টাকা নেন।এরপর ফার্ম ডি এবং ফার্মেসি কোর্স পৃথকভাবে চালু হয়। গত শনিবার গ্রীষ্মকালীন সেমিস্টারের পরিচিতি সভায় দুই বিভাগে দুজন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।ডিন জানতেন না: জীববিজ্ঞান অনুষদের ডিন ডোনাল্ড জেমস গোমেজ এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হাসান মাহমুদ নতুন কোর্স খোলার বিষয়টি জানতেন না। গত বুধবার জেমস গোমেজ বিশ্ববিদ্যালয়ের বিওটিকে জানান, ফার্ম ডি খোলার অনুমোদন পাওয়ার বিষয়ে সিন্ডিকেট সভায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য এবং ফার্ম ডি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান।এ প্রসঙ্গে জেমস গোমেজ প্রথম আলোকে বলেন, ‘ডিন হিসেবে এই অন্যায় এবং মিথ্যাচারের দায়দায়িত্ব আমার ওপর আসবে। এ জন্য চিঠি দিয়ে আমার অবস্থান জানিয়েছি।’জানতে চাইলে আবদুস সাত্তার বলেন, বিষয়টি ভুল হয়েছে। ভুলক্রমে এটি ওয়েবসাইটে উঠেছে। কীভাবে এই ভুল হয়েছে, তার জবাব দিতে পারেননি তিনি।অধ্যাপক সাত্তার নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি চূড়ান্ত নয়, তবে প্রক্রিয়াধীন।