রাজীব হত্যা: পরিকল্পনায় শিবিরের সাবেক নেতা
নর্থ সাউথের ৫ ছাত্র গ্রেপ্তার, হত্যার কথা স্বীকার
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত থাকার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ফয়সাল বিন নাঈম ওরফে দীপ (২২) ও মাকসুদুল হাসান ওরফে অনিক (২৩), ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের এহসান রেজা ওরফে রুম্মন (২৩), নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)।ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচজনই এই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা গতকাল শনিবার ডিবি কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে এই প্রতিবেদককে বলেন, ছাত্রশিবিরের সাবেক এক নেতা ‘বড় ভাইয়ের’ নির্দেশে তাঁরা রাজীবকে খুন করেছেন। ওই বড় ভাইও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।গ্রেপ্তারের ঘটনা জানার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পাঁচজনের ছাত্রত্ব স্থগিত করে। আজ রোববার তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডিবির সূত্র জানায়, ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেত্বত্বে ডিবির একাধিক দল গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে প্রথমে এহসান রেজাকে তাঁর কাকরাইলের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফয়সাল বিন নাঈমকে তাঁর খিলগাঁওয়ের বাসা থেকে, নাফিস ইমতিয়াজকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে, নাঈম সিকদারকে পান্থপথ এলাকা থেকে ও মাকসুদুল হাসানকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ধরা হয়। পাঁচজনকে গতকাল রাজীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। আদালত তাঁদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।যেভাবে খুনে জড়ান: আদালতে নেওয়ার পথে গতকাল গ্রেপ্তার হওয়া পাঁচজন পুলিশের উপস্থিতিতে এ প্রতিবেদককে বলেন, রাজীবকে খুনের দেড় মাস আগে কথিত ওই বড় ভাইয়ের কাছে শুনে তাঁরা ‘থাবা বাবার’ ব্লগ পড়েন। তাতে ধর্মকে অবমাননামূলক লেখা দেখে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং লেখককে খুন করাটা তাঁদের ‘ইমানি দায়িত্ব’ বলে মনে করেন। এরপর শিবিরের সাবেক নেতা ওই বড় ভাইয়ের নেতৃত্বে তাঁরা বৈঠক করে রাজীবকে হত্যার পরিকল্পনা করেন। তাঁরা রাজীবের তথ্য সংগ্রহ করেন। তাঁরা নিয়মিতভাবে ফেসবুকে রাজীবকে পর্যবেক্ষণ করতে থাকেন। একপর্যায়ে শাহবাগের আন্দোলন শুরু হওয়ার পর তাঁরা রাজীবের ফেসবুকের স্ট্যাটাস থেকে জানতে পারেন রাজীব শাহবাগে যাবেন। এরপর এহসান রেজা গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ যান এবং ব্লগার রাজীবকে শনাক্ত করার চেষ্টা করেন। তিনি ফেসবুক বন্ধুদের সূত্র ধরে পরের দিন আবার শাহবাগে গিয়ে রাজীবকে শনাক্ত করেন। এহসান রেজা প্রথম আলোকে বলেন, তিনি শাহবাগ থেকে রাজীবকে পর পর তিন দিন অনুসরণ করেন এবং পল্লবীর পলাশনগরে রাজীবের বাসা চেনেন। এরপর কয়েক দিন ধরে তাঁরা রাজীবের গতিবিধি ও এলাকার পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রমণের পরিকল্পনা করেন। এরপর ১৫ ফেব্রুয়ারি তিনি ও মাকসুদুল হাসান (অনিক) সকাল থেকে রাজীবের বাসার কাছে টানা বসে ছিলেন। তাঁদের কাছে তথ্য ছিল, ওই দিন রাজীব শহবাগে যাবেন না।এহসান রেজা বলেন, ‘রাত নয়টার দিকে দেখি রাজীব তাঁর বান্ধবীকে নিয়ে বাইশটেকির দিকে যাচ্ছে। মোবাইল ফোনে এই খবর ফয়সালকে দিই। ফয়সাল এরপর নাঈম সিকদার ও নাফিসসহ আরও দুজনকে নিয়ে রাজীবদের বাসার আশপাশে এসে অবস্থান নেয়।’ফয়সাল বলেন, রাত সাড়ে নয়টার দিকে রাজীব বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছামাত্র তিনি প্রথমে পেছন থেকে চাপাতি দিয়ে রাজীবকে আঘাত করেন। রাজীব ঘুরে গেলে কোপটি তাঁর গলায় লাগে এবং তিনি পাশের দেয়ালের ওপর পড়েন। এরপর তিনি ও অনিক এলোপাতাড়ি কোপাতে থাকেন। রাজীব একপর্যায়ে লুটিয়ে পড়লে তাঁরা সবাই দৌড়ে চলে যান। যাওয়ার পথে একটি চাপাতি রাস্তার মোড়ের পানের দোকানের সামনে এবং আরেকটি চাপাতি ও চারটি ছুরি শেরেবাংলা নগর বালিকা উচ্চবিদ্যালয়ের রাস্তার পাশের ড্রেনের মধ্যে ফেলে যান। গ্রেপ্তার হওয়ার অনিক বলেন, তিনি নিজে হামলায় ব্যবহূত চাপাতি ও ছুরি বাড্ডার নতুন বাজার থেকে কিনেছেন। তিনি বলেন, রাজীবকে মারার সময় নাঈমের একটি কোপ তাঁর পায়ে লাগে। এতে তাঁর জুতা কেটে আঙুলে লাগে। খুনের পর তিনি রেজার সঙ্গে কাকরাইলে এসে জুতা জোড়া খুলে জাতীয় চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের পুকুরপাড়ে ফেলে যান।গ্রেপ্তার হওয়া পাঁচজনই দাবি করেন, তাঁরা কোনো দলের সঙ্গে জড়িত নন। তাঁরা ব্লগার রাজীবকে খুন করে ‘ইমানি দায়িত্ব’ পালন করেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তবে এঁদের মধ্যে অন্তত দুজন হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত বলে তাঁদের পারিবারিক সূত্র জানিয়েছে। খুনিদের ‘ইনটেল’ ও এক্সিকিউশন’ গ্রুপ: ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে গতকাল ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম এ ঘটনায় সংবাদ ব্রিফ করেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নামাজকক্ষে নামাজ পড়তে গিয়ে পরস্পরের সঙ্গে পরিচিত ও ঘনিষ্ঠ হন। সেই সূত্রে তাঁরা বিভিন্ন বিষয় ও ইন্টারনেটে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করতেন। মনিরুল ইসলাম বলেন, রাজীব হত্যার পরিকল্পনাকারী ও প্রধান হোতা একসময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ‘থাবা বাবা’ নামধারী ব্লগারকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। আর এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি রাজীবকে খুন করা হয়।যুগ্ম কমিশনার (ডিবি) বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের দেওয়া তথ্যানুযায়ী, রাজীবকে হত্যার পরিকল্পনার পর তাঁরা ‘ইনটেল গ্রুপ’ (গোয়েন্দা দল) গঠন করেন। এই দলের কাজ ছিল তথ্য সংগ্রহ করা, গতিবিধি পর্যবেক্ষণ। আর রাজীবকে হত্যার জন্য গঠন করে ‘এক্সিকিউশন গ্রুপ’। ইনটেল গ্রুপের সদস্যরা হলেন এহসান রেজা, মাকসুদুল হাসান, নাঈম সিকদারসহ আরও দুজন। আর এক্সিকিউশন গ্রুপের সদস্যরা হলেন ফয়সাল বিন নাঈম ও মাকসুদুল হাসান (অনিক)। খুনের কয়েক দিন আগে ইনটেল গ্রুপের সদস্যরা ‘রেকি’ করতে গিয়ে রাজীবদের বাসার সামনে ক্রিকেট খেলেন। একটি বল ইচ্ছাকৃত তাঁরা রাজীবদের বাসায় ছুড়ে মারেন। বল আনার নামে বাসার ভেতরের অবস্থান দেখেন। তখন রাজীবের খালাতো ভাই বলটি তাঁদের হাতে তুলে দেন। পরে যোগাযোগ করা হলে রাজীবের স্বজনেরা প্রথম আলোকে বলেছেন, ঘটনার কয়েক দিন আগে বাসার সামনে কয়েক যুবক ক্রিকেট খেলেছিলেন। তাঁদের বল বাসার ভেতর গিয়ে পড়া ও ফেরত দেওয়ার কথা ঠিক আছে। তবে তখন তাঁরা ওই যুবকদের সন্দেহ করেননি।