নর্দমার পানিতে নোংরা সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজলী মোড়ে জমে থাকা পানি দেখলে হয়তো মনে হবে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তাই জলাবদ্ধতা। কিন্তু ভালো করে খেয়াল করলে ভুলটা ভেঙে যায়। কারণ, ওই পানি উৎকট, দুর্গন্ধময়। আশপাশের ড্রেন উপচে সেই পানিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ শেরেবাংলা সড়কের বিজলী মোড় এখন চলার অনুপযোগী। এসব কথা বললেন স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আশরাফ আলী। কেবল নর্দমার পানি নয়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের খানাখন্দে পড়ে প্রতিদিনই অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে এখানে। রাস্তাটির এ অবস্থা দেখে মনে হয় না সৈয়দপুর প্রথম শ্রেণীর একটি পৌরসভা।সরেজমিন দেখা গেছে, সড়কের ব্যস্ততম অংশ এ মোড়। সামনেই অত্যাধুনিক শপিং কমপ্লেক্স সৈয়দপুর প্লাজা। এর সামনে-পেছনে বিজলী ও লিবার্টি সিনেমা হল। আর একটু এগোলেই তামান্না সিনেমা। এ ছাড়া সড়কের দুই পাশে রয়েছে কমপক্ষে তিন হাজার দোকানপাট। সড়কে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ বছরও সড়কটিতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দুই পাশের নালা-নর্দমা সংস্কার ও পরিষ্কার করা হয় না দীর্ঘদিন। এ অবস্থায় নর্দমা ভরাট হয়ে নোংরা পানি উপচে পড়ে আশপাশে। সড়কের গর্তগুলোতে ড্রেনের পানি ঢুকে চলার অযোগ্য করে তোলে রাস্তাটি। পানি জমে থাকে বলে যানবাহন চালকেরা রাস্তাটি সমতল কি না তা ঠাহর করতে পারেন না। রিকশাচালক বাবুল বলেন, ‘ঘাটাকোনা (রাস্তাটা) এইঙ্কা খারাপ হইছে যে নিত্যাও ঢেইল্যা (প্রতিদিন অনেকগুলো) ইশ্কার (রিকশা) ফেরেম ভাঙ্গছে। আর অ্যাসকিডেন্টর (অ্যাক্সিডেন্ট) কি কইম, হরদম নাগি আছে। এই ঘাটাত নয়া মানুষ ইশকা চালের পাইবে না কয়া দিনু!’পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগ সূত্র জানায়, সড়কটির দুপাশে চার কিলোমিটার নর্দমা রয়েছে। এসব সংস্কার কিংবা পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত লোকবল নেই পৌরসভার। তবুও সংশ্লিষ্ট কাউন্সিলকে এর তদারকি দেওয়া হয়েছে। স্বাভাবিক তদারকির অভাবে ড্রেন পরিষ্কার হয় না বলে সূত্রটি স্বীকার করে। অবশ্য স্থানীয় কাউন্সিলর শেখ মোহন জানান, লোকবল কোনো ব্যাপার নয়। বরাদ্দ পাওয়া গেলেই বাইরে থেকে পরিচ্ছন্নতাকর্মী এনে ড্রেন পরিষ্কার করা যাবে। তিনি বলেন, কর্তৃপক্ষ সড়ক ও ড্রেন সংস্কারে অনীহা দেখাচ্ছে। এ নিয়ে পৌর মেয়র আখতার হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। তিনি জানান, তহবিলের অভাবে ড্রেন ও রাস্তা সংস্কার কাজ সেভাবে হয়নি, এটা সত্যি। তবে আমাদের সদিচ্ছার কোনো কমতি নেই। এর আগে ড্রেনগুলো সামান্য মেরামত হলেও প্রায় ১০ বছর ধরে রাস্তা সংস্কার হচ্ছে না। আশার কথা হলো, খুব শিগগির এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত বরাদ্দও মিলেছে।