ঢাকা ওয়াসার মাত্র ১৩% নদীর পানি। ৮৭% নলকূপের। সমস্যা অভিন্ন সরবরাহ লাইন
নলকূপ ও দূষিত নদীর পানি একাকার
ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধের অভিযোগ নতুন কিছু নয়। তবে এ অভিযোগ পাওয়া যায় গভীর নলকূপের পানি সরবরাহ করা হয় রাজধানীর এমন সব এলাকা থেকেও। বিশেষজ্ঞরা বলছেন, শোধনাগার ও গভীর নলকূপের পানির লাইনের আন্তসংযোগই এর জন্য দায়ী। শোধনাগারে রাসায়নিক দিয়ে বিশুদ্ধ করা দূষিত নদীর পানি গভীর নলকূপ দিয়ে ওঠানো পানির সঙ্গে মিশে ভালোকেও খারাপ করছে। অথচ সরবরাহ করা মোট পানির মাত্র ১৩ শতাংশ আসে নদী থেকে। বাকি পুরোটাই নলকূপের।ওয়াসার সরবরাহ করা পানির মধ্যে ১০ শতাংশের উৎস শীতলক্ষ্যার পানি ব্যবহারকারী সায়েদাবাদ শোধনাগার। ৩ শতাংশ আসে বুড়িগঙ্গাপারের চাঁদনীঘাট ও নারায়ণগঞ্জ পানি শোধনাগার থেকে, যাতে ব্যবহূত হয় বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পানি। এই ১৩ শতাংশ, বিশেষ করে শীতলক্ষ্যা থেকে তোলা ১০ শতাংশ পানির কারণে ঢাকার বিশাল এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধযুক্ত পানি। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ সায়েদাবাদ শোধনাগারের পাইপলাইন ও নগরের গভীর নলকূপের লাইনের মধ্যে আন্তসংযোগ ঘটানো।স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসা ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সূত্রে এ তথ্য পাওয়া যায়। সূত্রমতে, আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে (১৯৯৬—২০০১) সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণের সময় আলাদা পাইপলাইন তৈরি করা হয়নি। বরং আগের গভীর নলকূপের লাইনের সঙ্গে এক করে দেওয়া হয়। ১৪০ কোটি টাকার খসড়া একটি হিসাব করেও আলাদা পাইপলাইন করা হয়নি। ২০০২ সালের জুনে চালু হওয়া সায়েদাবাদ পানি শোধনাগার (প্রথম পর্ব) থেকে দৈনিক সাড়ে ২২ কোটি লিটার পানি সরবরাহ করা হয়। ১৯৬৪ সালে স্থাপিত লালবাগের চাঁদনীঘাট পানি শোধনাগার থেকে চকবাজার, ইমামগঞ্জ, বাবুবাজার, তাঁতীবাজারসহ পুরান ঢাকার কিছু এলাকায় বুড়িগঙ্গার পানি সরবরাহ করা হয়। সেখানকার গভীর নলকূপগুলোর পানিও সরবরাহ হয় একই লাইনে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, আগামী মাসে উদ্বোধন হতে যাওয়া সায়েদাবাদ শোধনাগার দ্বিতীয় প্রকল্পে অবশ্যই আলাদা পাইপলাইন রাখা হবে। তিনি জানান, নদীর ১৩ শতাংশ ছাড়া বাকি ৮৭ শতাংশ পানি ৫৩৯টি গভীর নলকূপ থেকে পাওয়া যায়। শোধনাগার ও নলকূপগুলো থেকে এখন মোট পানি উত্তোলিত হচ্ছে সর্বোচ্চ ১৯০ কোটি লিটার। আন্তসংযোগের ফল: বুয়েটের শিক্ষক ও পানি-বিশেষজ্ঞ মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণের সময় এর সরবরাহ লাইন ও গভীর নলকূপের পানির লাইনের মধ্যে একটি আন্তসংযোগব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। ওয়াসার পাইপলাইনের নেটওয়ার্ক এমনভাবেই তৈরি। এর পরিবর্তন করতে হলে প্রচুর টাকা খরচ করতে হবে। তিনি বলেন, ‘শোধনের প্রায় অনুপযোগী নদীর দূষিত পানি গভীর নলকূপ থেকে উত্তোলিত বিশুদ্ধ পানির সঙ্গে মিশে অন্য এলাকার পানিকেও দূষিত করে তুলছে।পুরান ঢাকা ও পূর্ব ঢাকার বিভিন্ন অংশ ছাড়াও সায়েদাবাদ শোধনাগার ও অন্য লাইনের আন্তসংযোগ ঘটে ধানমন্ডি ২ নম্বর, মগবাজার, তেজগাঁওসহ নগরের ১০টি এলাকার পাইপলাইনের সঙ্গে। সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ ও চালুর সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন প্রকৌশলী খন্দকার আজহারুল হক। এই শোধনাগারের পানি অন্য এলাকায় যাতে না যায়, সে জন্য আলাদা পাইপলাইন করা হয়নি কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাদা পাইপলাইন করার প্রস্তাব ছিল। কিন্তু এর জন্য যে তহবিল দরকার, তা পাওয়া সম্ভব হয়নি। ওই সময় আলাদা পাইপলাইন করতে প্রায় ১৪০ কোটি টাকার একটি হিসাবও করা হয়েছিল।তবে খোঁজ নিয়ে জানা যায়, সায়েদাবাদ শোধনাগারের প্রথম পর্বের জন্য বিশ্বব্যাংকের ঋণ ও দাতা সংস্থার সাহায্য মিলিয়ে সাড়ে ৭০০ কোটি টাকার অর্থায়ন হলেও খরচ হয় ৬৪৬ কোটি টাকা। বাকি টাকায় আলাদা পাইপলাইন না করে তা অন্য কাজে লাগানো হয়। সায়েদাবাদ শোধনাগারের পানি এখন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে বাসাবো, গোড়ান, মুগদা, গোলাপবাগসহ পূর্বাঞ্চল, পুরান ঢাকার নারিন্দা, ওয়ারীসহ কিছু এলাকা, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, মগবাজার, বাংলামোটর, হাতিরপুল, তেজগাঁও প্রভৃতি এলাকায়। কিন্তু প্রতিবছর এই মৌসুমে কার্যত সারা ঢাকার পানিতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।সায়েদাবাদ দ্বিতীয় পর্বের আগে করণীয়: প্রায় এক হাজার ১৪০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্ব প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা মত দিয়েছেন, এটি শুরুর আগেই শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করা উচিত। কিন্তু সে বিষয়ে কোনো উদ্যোগই নেওয়া হয়নি।বুয়েটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, শীতলক্ষ্যা নদী দূষণের জন্য অন্যতম দায়ী শিল্প কারখানাগুলোতে বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) বসানোর কথা অনেক আগে থেকে বলা হলেও, খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইটিপি না বসালে নদীর পানি দিন দিন আরও দূষিত হবে। এর প্রভাব পড়বে দ্বিতীয় পর্ব থেকে সরবরাহ করা পানিতেও।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নদীপারের শিল্প কারখানাগুলোয় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। যারা মানছে না, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, সায়েদাবাদ দ্বিতীয় পর্বের কাজ শেষ হওয়ার আগেই নদীর পানি প্রাক-শোধনযন্ত্র (প্রি-ট্রিটমেন্ট) বসানো হবে। এতে নদীর পানির মূল শোধনপ্রক্রিয়া শুরু হওয়ার আগে এক দফা পানি পরিষ্কারের চেষ্টা করা হবে।দূষণ ও দুর্গন্ধের অন্য কারণ: বুয়েট ও ওয়াসা সূত্র জানায়, নগরের পানির পাইপলাইনগুলো এমনভাবে তৈরি যে প্রবাহ কম থাকলেই সমস্যা দেখা দেয়। অধ্যাপক মজিবুর রহমান বলেন, প্রতিবছর এই মৌসুমে লাইনে পানির চাপ অনেক কম থাকে। এতে করে পাইপে ফুটো থাকলেই বাইরে থেকে যেকোনো ময়লা (ড্রেনেজ বা পয়োনালার ময়লাসহ) ঢুকে যেতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বেশির ভাগ পাইপলাইন পুরোনো, অনেক পাইপে জং ধরে ফুটো হয়ে গেছে। অবৈধ সংযোগের কারণেও অনেক পাইপ ফুটো হয়ে যায়।বাড়তি ক্লোরিনও দায়ী: ওয়াসা সূত্রে জানা গেছে, সায়েদাবাদের পানিতে এখন শ্যাওলা ও অ্যামোনিয়ার পরিমাণ অনেক বেশি। এই পানি বিশুদ্ধ করতে ক্লোরিন ব্যবহার করা হচ্ছে স্বাভাবিকের তুলনায় বেশি। ক্লোরিন ও অ্যামোনিয়া মিশে ক্লোরিন সৃষ্টি হলে পানির দূষিত ভাব অনেকটা কেটে যায়। কিন্তু যেসব স্থানে পাইপ ফুটো আছে এবং দূষণের মাত্রা খুব বেশি, সেখানে এই ক্লোরিন কাজ করে না। ওয়াসা বলছে, তারা যে বাড়তি দূষণের কারণে বেশি ক্লোরিন ব্যবহার করতে বাধ্য হচ্ছে, তা-ও পানির দুর্গন্ধের একটি কারণ।তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছেন, পানিতে অতিরিক্ত মাত্রায় ক্লোরিন দেওয়া হচ্ছে না। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।