ধরমপাশার মধ্যনগর ইউনিয়নের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো সচল নলকূপ না থাকায় ওই বিদ্যায়য়ের শিক্ষক, শিক্ষার্থীদের তিন বছর ধরে খাওয়ার পানির চাহিদা মেটাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে পার্শ্ববর্তী গ্রামের লোকজনের বাড়ি-বাড়ি গিয়ে শিশুদের খাওয়ার পানির চাহিদা মেটাতে হচ্ছে।বিদ্যালয়ের অভিভাবক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আঙ্গিনায় যে দুটি নলকূপ রয়েছে তা পুরোনো। নলকূপগুলো একাধিকবার মেরামত করে সচল করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদ এ নিয়ে বিদ্যালয়ে কয়েকটি সভা করে এর রেজ্যুলেশনের কপিসহ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলু মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদে গভীর নলকূপ প্রদানের কোনো বরাদ্দ নেই। তবে এ সমস্যা সমাধানের জন্য আগামী উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করব।’ প্রধান শিক্ষক চন্দনা পণ্ডিত বলেন, ‘প্রায় তিন বছর ধরেই পানীয়জলের কষ্টে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ আমাদের সবাইকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি লিখিতভাবে একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘আমি এখানে নতুন এসেছি, শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে কোনো সচল নলকূপ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করব।