নলঘোঙ্গার বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন বিকেলে নাতিকে কোলে নিয়ে রিকশায় উঠে রওনা দিয়েছি বালুর মাঠে। পয়লা বৈশাখ ১৪২০, বাংলা নববর্ষ। ওখানেও বসেছে বৈশাখী মেলা। বাসা থেকে দূর নয় বেশি। বালুর মাঠ হলো এককালের বিখ্যাত মান্ডা বিল। একটি হাউজিং কোম্পানি বিলটিকে ভরাট করেছে আজ থেকে ৮-১০ বছর আগে। জায়গাটি এখন কাশ-ঘাস-ঝোপঝাড়ে ভরা। বৈকালিক ভ্রমণে ওখানে যান শত শত নারী-পুরুষ। মেলায় ঘুরতে ঘুরতে একটু ফাঁকায় এলাম। দেখি, পাঁচ-সাতটি শিশু বেশ উত্তেজিতভাবে ওদিক দিয়ে যাচ্ছে। হাতে ধরা একটি বক। কাছে যাই দ্রুত, ওমা! এটা দেখি ‘লালবক’ বা ‘নলঘোঙ্গা বক’। আরে! একটি ছেলের হাতে তিনটি ডিমও। থামালাম ওদের। ওরা খেলছিল কাশঝোপের ভেতরে। হঠাৎই নজরে পড়ে পাখিটি। ঘেরাও দিয়ে কৌশলে ধরে ফেলেছে। এ সময় ওরা বাসায় আবিষ্কার করে চারটি ডিম। একটি ভেঙে গেছে চাপে। মহা উল্লাসে ওরা ফিরছে বাড়ি। মান্ডাতেই বাসা ওদের। বকটি একটি ছেলের থুতনিতে ঠোকর মেরেছিল জব্বর! রক্ত বেরোচ্ছে তখনো অল্প অল্প। তাই পাখিটির ঠোঁটে ওরা রাবার ব্যান্ড জড়িয়ে বেঁধে রেখেছে ভালোভাবে। ভালোই করেছে। কেননা, এরা বিপদে পড়লে লক্ষ্য করে শত্রুর চোখ। বল্লমচোখা ঠোঁট চালিয়ে এরা মানুষের চোখও নষ্ট করে দিতে পারে।না, কোনো কিছুই করার ছিল না আমার। কোলে আমার ১০ মাস বয়সী নাতিটি না থাকলে হয়তো পাখিটিকে কোনোভাবে মুক্ত করে দেওয়ার চেষ্টা করতাম।সুন্দর এই বকটি উষাচর-নিশাচর। মূল খাদ্য মাছ। আত্মগোপনে খুবই পারদর্শী। কাশবন-ঘাসবন ও ঝোপঝাড়ই এদের দিনের আশ্রয়স্থল। কচুরিপানার ভেতরেও থাকে। বাসাও করে এসব জায়গায়।মান্ডার বালুর মাঠে আজও আছে একটি জলাশয় এবং জলাশয়-সংলগ্ন মৎস্য খামার ও ধানখেত। পাখিটি যে আজও এখানে আছে, বাসা করে—আপাতত এটুকুতেই খুব খুশি আমি।নলঘোঙ্গার ইংরেজি নাম Cinnamon Bittern। এর সঙ্গে যে ছবিটি ছাপা হলো, সেটিকে আমি অবমুক্ত করতে পেরেছিলাম ১৯৯৭ সালে, বাগেরহাট সদরের যাত্রাপুর বাজার থেকে।