টিফিন ক্যারিয়ারে করে অফিসে খাবার সরবরাহ করেন নশরত শাহ্। তাঁর স্ত্রী রীনা আর তিনি মিলে খাবার তৈরি করেন। তাঁদের বাসা কারওয়ান বাজারের রেললাইনের পাশেই। তিন হাজার টাকা ঘর ভাড়া দেন তাঁরা।নশরত শাহ্ সকালে কারওয়ান বাজার থেকে মাছ, তরকারি কেনেন। বাজার কাছে বলে কখন তরকারি-মাছ দামে সস্তায় পাওয়া যায় তা তিনি জানেন। ফেলনা-কুড়ানো তরকারিটাই তিনি কিনে থাকেন খাবারের জন্য। এক বাটি ভাতের সঙ্গে মাছের তরকারি, ভর্তা, ভাজি অথবা ডিমের তরকারি দেন। নশরত শাহ্ বললেন, ‘অনেকেই মাছ খেতে চায় না, তখন ডিম দিই। মাঝেমধ্যে ডালও দিই। ২৫ টাকা জনপ্রতি পড়ে। কেউ কেউ সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেন, আবার মাস কাবারেও দেন অনেকে।’ শুক্রবার গরুর মাংস খাওয়ান। ঈদের চাঁদে পোলাও-মাংসও করেন।প্রতিদিন ৩০ জনের খাবার তৈরি করেন নশরত শাহ্। রাতে আবার ২৫ জনের খাবার রাঁধেন, সেটা খান দারোয়ান-পিয়নেরা। মাছ কিনতে হয় ছয়-সাত শ টাকার। চাল লাগে প্রতি বেলায় আট কেজি। প্রতি মাসে প্রায় ৩৫ হাজার টাকার পুঁজি লাগে সব মিলিয়ে। সকাল থেকেই এর প্রস্তুতি নিতে হয় তাঁকে। মাছ, তরকারি কোটা, ধোয়া, মসলা বাটা—এসব স্বামী-স্ত্রী দুজন মিলে করে থাকেন। কিন্তু রান্নাটা করেন তিনি একাই। বেলা একটার মধ্যেই খাবার তৈরি হয়ে যায়। স্ত্রী টিফিন ক্যারিয়ারে খাবারগুলো বেড়ে সাজিয়ে দেন। নশরত শাহ্ টুকরিতে করে মাথায় চাপিয়ে খাবারগুলো অফিসে অফিসে নিয়ে যান। একটি টেলিভিশন চ্যানেল ও বিমা প্রতিষ্ঠানে খাবার সরবরাহ করেন রোজ। মেয়েরা এসব খাবারের মধ্যে ছোট মাছ ও ভর্তা বেশি পছন্দ করেন। অফিসের লোকজনের বাইরে সিনেমা এবং নাটকের শিল্পীদের জন্য মাঝেমধ্যে খাবার সরবরাহ করে থাকেন নশরত শাহ্। কিন্তু স্বামী-স্ত্রী দুজনে মিলেও কুলিয়ে উঠতে পারেন না বলে সেটা সব সময় করা হয় না। সিনেমা বা টিভি নাটকের শুটিং দলের খাবার তৈরি করতে অনেক লোকবল লাগে। তা ছাড়া অনেক টাকা বাকিও পড়ে যায়। এই টাকা ওঠানো কঠিন। নশরত শাহ্ জানান, তাঁর ঘরের আশপাশে অনেকেই সিনেমা-নাটকের শিল্পীদের খাবার সরবরাহ করেন। এ খাবার সরবরাহ করার লোকজনের সংখ্যা শুধু কারওয়ান বাজারেই প্রায় ৫০ জন।নশরত শাহ্র বাড়ি বরিশালের ভান্ডারিয়ায়। ২০ বছর ধরে ঢাকায় আছেন। ১৫ বছর বয়সে ঢাকায় এসেছেন। রিকশা চালিয়েছেন, কুলির কাজ করেছেন প্রথম দিকে। তারপর কাজ জুটে যায় এফডিসিতে প্রোডাকশন বয়ের। প্রেম করে বিয়ে করেছেন রীনাকে। এখন তাঁদের চার সন্তান—দুই ছেলে দুই মেয়ে। ছোট দুটিই ছেলে। ছেলেরা তাঁর সঙ্গে থাকে। পড়ে কাঁঠালবাগান প্রাইমারি স্কুলে। দুই মেয়ে থাকে নানাবাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। বড় মেয়ে ঐশী ক্লাস ফাইভে পড়ে। ছোট মেয়ে টুনটুনি পড়ে ক্লাস থ্রিতে। মেয়েরা ছুটিছাটায় ঢাকায় বেড়াতে আসে। মেয়েদের তখন এটা-ওটা কিনে দেন। দুই মেয়ের খরচ চালাতে তিন হাজার টাকা তাদের নানিকে দিতে হয়। নশরত শাহ্ বলেন, ‘খেয়েপরে এমনিতে ভালো আছি। ঘরে টিভি-ফ্রিজ আছে। কিছু জমি কিনেছি বাড়িতে। মা আছেন বাড়িতে, তাঁকে কিছু টাকা-পয়সা দিই। বড় ভাইয়েরা মাকে দেখাশোনা করেন। মা দুই মাস আমাদের সঙ্গে ঢাকায় ছিলেন। আমি ভালো আছি।’