নষ্ট হচ্ছে চলচ্চিত্রের নেগেটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় দশক আগে গুলিস্তানের ছবিপাড়া বলে পরিচিত একটি ভবনে অগ্নিকাণ্ড হওয়ায় গত শতকের পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে দেশে নির্মিত প্রায় সব চলচ্চিত্রের নেগেটিভ পুড়ে যায়। আশি ও নব্বইয়ের দশকে নির্মিত কিছু উল্লেখযোগ্য ছবির নেগেটিভ ছিল কাকরাইল ও পল্টনের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতে। জানা গেছে, যথাযথ সংরক্ষণের অভাবে এখানেও নষ্ট হয়েছে অসংখ্য ছবির প্রিন্ট।কাগজে-কলমে ফিল্ম আর্কাইভে ছবির একটি প্রিন্ট জমা দেওয়ার নির্দেশনা থাকলেও বাস্তবে বেশির ভাগ প্রযোজকই তা মানেন না। ফিল্ম আর্কাইভ থেকেও ছবি সংগ্রহ করার উদ্যোগ তেমন নেই। গত বুধবার খোঁজ নিয়ে জানা যায়, দেশের অন্যতম বৃহৎ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা সিনেমা লিমিটেডের একাধিক ছবির নেগেটিভ নষ্ট হয়ে গেছে। শাবানা, আলমগীর, জসীম, চম্পা ও মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবির নির্মাতা এই প্রযোজনা প্রতিষ্ঠান। এসব তারকার অভিনীত দারুণ ব্যবসাসফল ছবির মধ্যে রয়েছে: সম্পর্ক, লড়াই ও সম্মান। আরও নষ্ট হয়েছে শাবনাজ-নাঈম, সালমান শাহ-মৌসুমী জুটির অনেক ছবির নেগেটিভ। জানা গেছে, কয়েকজন প্রযোজক তাঁদের ছবি নেগেটিভ থেকে বেটা ক্যাসেটে নিয়ে এসেছেন। কিন্তু বড় পর্দার জন্য এসব ছবির কোনো প্রিন্ট বা নেগেটিভ রাখা হচ্ছে না।নেগেটিভগুলো সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট তাপমাত্রায় সব সময় তা রাখতে হয়। কিছু প্রযোজনা প্রতিষ্ঠান এ ব্যবস্থা নেওয়ার পরও নেগেটিভগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। ফিল্ম আর্কাইভের একজন কর্মকর্তা জানান, পুরোনো ছবিগুলো ঠিক সময়ে ফিল্ম আর্কাইভে জমা দিলে তা সংরক্ষণ করা সম্ভব হতো।