সুনামগঞ্জের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পাশে ১৬৬ একর জমির নিয়ে এই প্রকল্প অবস্থিত। বন্ধ করে দেওয়ার পর প্রায় তিন বছর ধরে খোলা আকশের নিচে পড়ে থেকে প্রকল্পের যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে। খনি প্রকল্প সূত্রে জানা য়ায়, সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর তীরে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় ‘আসাম বাংলা সিমেন্ট কোম্পানি’। যা বর্তমানে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি নামে পরিচিত। তখন ভারত থেকে চুনাপাথর আমদানি করে এই সিমেন্ট ফ্যাক্টরির কাঁচামালের চাহিদা পূরণ করা হতো। পরে পাকিস্তান সরকারের সময় নিজস্ব ব্যবস্থায় এখানে চুনাপাথর উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় ভূ-তত্ত্ব জরিপ। ১৯৬১ সালে জরিপে সুনামগঞ্জের তাহিরপুরের হাওরাঞ্চল ও সীমান্তবর্তী টেকেরঘাটে পাঁচটি কোয়ারিতে প্রায় ১৩ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৫৩৪ মেট্রিক টন চুনাপাথর মজুদ থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।এরপর ১৯৬৫-৬৬ সালে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রকল্প এলাকায় অফিস ভবন, আবাসিক ভবন, পাওয়ার হাউস, গেস্ট হাউস, স্কুল, খেলার মাঠ ইত্যাদি গড়ে তোলা হয়।পাঁচটি কোয়ারির মধ্যে প্রথমে টেকেরঘাট ও ভাঙ্গারঘাটে যথাক্রমে ৭০ দশমিক ৬৯ একর, ৯২ দশমিক ২৫ একর এলাকায় চুনাপাথর তোলার কাজ শুরু হয়। একটানা ২৬ বছর চলে পাথর তোলা। ১৯৮৪ সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বোর্ড সভায় টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প ছাতক সিমেন্ট ফ্যাক্টরির অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে চালু রাখার সিদ্ধান্ত হয়। ১৯৮৬ সাল পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত রেখার ৩০ ফুট ভেতরে টেকেরঘাট প্রকল্প থেকে চুনাপাথর তোলার পর ১৯৮৭ সালে বিএসএফ ১৫০ গজ ভেতর থেকে পাথর তোলার চাপ দিলে কোয়ারিগুলো আবারও বন্ধ হয়ে যায়। খনি প্রকল্পটি ১৯৯১ সালে আমদানি কেন্দ্রে রূপান্তরের পর এখানকার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বিসিআইসির অন্যান্য প্রতিষ্ঠানে বদলি করা হয়। বাকি ৫৪ জনকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয়। এরপর প্রকল্পটি ২০০৭ সালের ২ অক্টোবর একবারে বন্ধ করে দেওয়া হয়।প্রকল্প সূত্র আরও জানায়, বর্তমানে প্রকল্পের মূল্যবান যন্ত্রপাতির মধ্যে রয়েছে প্রায় তিন কোটি টাকা মূল্যের তিনটি ক্রেন, পাঁচ কোটি টাকা মুল্যের দুটি জেনারেটরসহ ৩০ থেকে ৩৫ কোটি টাকার সম্পদ। প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৮ জন আনসার। তিনজন কর্মচারী আছেন অস্থায়ীভাবে। এর মধ্যে প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম আব্দুল হালিম। তবে নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও বেশ কিছু যন্ত্রপাতি চুরি হয়েছে বলে জানা গেছে।সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রকল্পের জমি, পড়ে থাকা ভবনসহ পুরো এলাকা নিয়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলার সুপারিশ করা হয়। জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ আরও পরামর্শ দেন, সিসমিক সার্ভের মাধ্যমে চুনাপাথরের মজুদ সম্পর্কে পুনরায় ধারণা নেওয়া এবং লাভজনক হলে তা উত্তোলনের ব্যবস্থা করা যায়। তা ছাড়া সরকারের ৩০ থেকে ৩৫ কোটি টাকার যন্ত্রপাতি দ্রুত অপসারণ অথবা বিক্রির ব্যবস্থা করা উচিত। প্রকল্প ব্যবস্থাপক এস এম আবদুল হালিম জানান, এখানে বিসিআইসি কী করবে এ ব্যাপারে তাঁদের কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘আমি ছয় মাস হয় এসেছি। প্রথমে প্রকল্পের সীমানা পিলার তুলে নেওয়া হয়েছে দেখেছিলাম। এখন সব ঠিক করা হয়েছে। আমি আসার পর কোনো মালামাল চুরি যায়নি। আগে কী হয়েছে জানি না।’তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, এখানকার আবাসিক ভবনগুলোর সামান্য সংস্কার করলেই পর্যটকদের থাকার উপযোগী হবে। বিদু্যূত্-পানির ব্যবস্থা আছে। পর্যটনকেন্দ্র হলে সরকারের সম্পদ যেমন কাজে লাগবে, পাশাপাশি স্থানীয় লোকজনও উপকৃত হবে। এ ছাড়া সরকার ইচ্ছা করলে যৌথ উদ্যোগে এখানে একটি ক্লিংকর ফ্যাক্টরি গড়ে তুলতে পারে। জেলা প্রশাসক জহির উদ্দিন বলেন, ‘প্রকল্পটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে লিখিতভাবে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি।’