দেড় বছর আগে শেষ হয় ‘দিনাজপুর মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণকেন্দ্র’ প্রকল্পের নির্মাণকাজ। কিন্তু এখনো প্রকল্পটি চালু হয়নি। দেড় বছর ধরে এখানে নিয়োজিত চারজন কর্মী কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। আশায় দিন গুনছেন চালু হলেই তাঁদের দুঃখ ঘুচবে। কিন্তু তাঁদের দুঃখের দিন আর কাটছে না।জেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্র জানায়, দেশের নারীসমাজকে জাতীয় উন্নয়ণে সম্পৃক্ত এবং স্বাবলম্বী করতে দেশে এ রকম মোট ১২টি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বিগত জোট সরকার। এর একটি নির্মাণের সিদ্ধান্ত হয় দিনাজপুরে। খোঁজ নিয়ে জানা যায়, প্রকল্প বাস্তবায়নে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের শুভ্রা মৌজায় চার একর জমি কেনা হয়। মোট পাঁচ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দে তিন বছর মেয়াদি প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান তৎকালীন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী খুরশিদ জাহান হকের এপিএস আনোয়ারুল কবীর। কাজ শেষে ২০০৯ সালের ৩০ জুন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার কাছ থেকে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর প্রকল্প বুঝে নেয়।৮ ডিসেম্বর কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, এর প্রধান ফটকটি তালাবদ্ধ। বালির বস্তা ফেলে গেটটি ভালোমতো আটকানো হয়েছে। তালা খুলে ভেতরে নিয়ে গিয়ে প্রহরী মো. শাহিদ দেখান পুকুর, অফিস ভবন, পোলট্রি শেড, ডাক শেড, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন সব আছে, কিন্তু সবই অব্যবহূত পড়ে আছে। ভেতরে নৈশ প্রহরীর গরু-ছাগল চরে বেড়াচ্ছে। কবে প্রশিক্ষণকেন্দ্রটি চালু হবে প্রশ্ন করতেই নৈশ প্রহরী শাহিদ বলেন, ‘কে জানে স্যার, অনেক দিন থাকি তো শুনা যাছে এই চালু হচে, কিন্তুক হইচে না তো।’ প্রশিক্ষণকেন্দ্রের কম্পিউটার অপারেটর শাহীন আলী বলেন, ২০০৯ সালের জুন মাসে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর থেকে এখানে কর্মরত চার স্টাফ বেতন পাচ্ছেন না। ব্যবহার না হওয়ায় সাতটি কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ, সেলাই মেশিনসহ অনেক মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হতে বসেছে।হিসাবরক্ষক মো. আরমান হোসেন বলেন, অরগানোগ্রাম অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীসহ প্রকল্পের মোট জনবল ২৬ জন। এর মধ্যে ২০০৫ সালে হিসাবরক্ষণ কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, প্রহরীসহ মোট চারজনকে নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, সারা দেশের এ রকম ১২টি প্রশিক্ষণকেন্দ্রের মধ্যে ১১টি চালুর ব্যাপারে ১৯ মে প্রধানমন্ত্রীর অনুমোদনও মিলেছে। আশা করা হচ্ছে এবার এখানকার প্রকল্পটিও আলোর মুখ দেখবে। দিনাজপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীমতী সন্ধ্যা রানী বাগচি বলেন, এখানে কম্পিউটার, মৎস্য, গবাদিপশু, হাঁস-মুরগি, হস্তশিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতসহ যুগোপযোগী সব ধরনের প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা আছে। বেকার, স্বল্প শিক্ষিত মেয়ে—যাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তাঁরা—এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।