নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকট, এলাকার স্থানীয় দলাদলি, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্যদের কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বহু পুরোনো বিদ্যাপীঠ চৌডালা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিদ্যালয়ের এসব নানা অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্ররা গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে তালা লাগিয়ে ক্লাস বন্ধ রাখে। ২ ফেব্রুয়ারি সরেজমিন গেলে বিদ্যালয়ে তালা লাগানোয় নেতৃত্বদানকারী ক্ষুব্ধ ছাত্ররা প্রথম আলোর কাছে বিদ্যালয়ের শিক্ষা বিপর্যয় নিয়ে নানা অভিযোগ করে। তাঁরা অভিযোগ করে, শিক্ষকেরা পাঠদানের চেয়ে নিজেদের কোন্দল নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তাঁদের মধ্যে কোন্দল এতটাই প্রকট যে ক্লাসে এসে ছাত্রদের কাছে বিপক্ষ দলের শিক্ষকদের প্রতি বিষোদগার করে। সময়মতো ক্লাসে আসেন না। অনেক সময় আধ ঘণ্টা পর ক্লাসে ঢোকেন। টিফিনের পর ক্লাস হয় না বললেই চলে। বিদ্যালয়ে শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। বিদ্যালয়ের মাঠেই শিক্ষকেরা ধূমপান করতে করতে ঘোরাঘুরি করেন। এ দৃশ্য ছাত্রদের কাছে দৃষ্টিকটু দেখায়। শিক্ষকদের এসব আচরণের কারণে ছাত্রদের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।ছাত্ররা অভিযোগ করে দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষকের পদ শূন্য রয়েছে। গত ১৯ ডিসেম্বর প্রধান শিক্ষক আব্দুল্লাহিল সাদি অবসর নিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদটি নিয়ে চলছে টানাহেঁচড়া। কেননা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবে যে পক্ষের, সে পক্ষ নিয়োগ বাণিজ্যে লাভবান হবে বলেই এই টানাহেঁচড়া আর কোন্দল প্রকট হয়ে উঠেছে বলে অভিযোগ করে ছাত্ররা। ছাত্ররা বিদ্যালয় সম্পর্কে আরও অভিযোগ করে যে, ১৯২৮ সালে মাইনর স্কুল ও ১৯৬৭ সালে হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এত পুরোনো বিদ্যালয় হওয়া সত্ত্বেও এর কোনো উন্নয়ন নেই। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দিয়ে পানি চুইয়ে পড়ে। পর্যাপ্ত টয়লেট নেই। অথচ ১৯৭৯-৮০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মহানন্দা নদীর ওপর চৌডালা ঘাটের ইজারার টাকা বিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল। কিন্তু দুর্নীতির কারণে কোনো উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সামর্থ্যবান অভিভাবকেরা আর তাঁদের সন্তানদের এ বিদ্যালয়ে পাঠান না। দরিদ্র নিম্ন-মধ্যবিত্তরাই বাধ্য হয়ে তাঁদের সন্তানদের এ বিদ্যালয়ে পাঠান। এ বিদ্যালয়ে এখনো আট শতাধিক শিক্ষার্থী রয়েছে। ছাত্রদের এসব অভিযোগ সমর্থন করেন অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষ। এমনকি গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমও।এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহিল সাদি অবসর নিলে ভারপ্রাপ্ত হন ফরহদ আলী। কিন্তু তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করে কিছু শিক্ষক এর বিরোধিতা শুরু করেন। এরপর অ্যাডহক কমিটির শেষ দিনে ১৮ জানুয়ারি আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। ব্যবস্থাপনা কমিটির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরফান আলী ও আব্দুর রশিদ। এরফান আলী প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের পাঁচ-ছয়জন শিক্ষক আইরিন পারভীনের চেয়ে জ্যেষ্ঠ। কিন্তু তাঁদের বাদ দিয়ে আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত প্রধান করা হয় উদ্দেশ্যমূলকভাবে। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির (অ্যাডহক) চারজন সদস্যের মধ্যে দুজন এ সিদ্ধান্তের পক্ষে স্বাক্ষর করেছেন। সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে তা হয়নি।আইরিন পারভীন অভিযোগ করেন, তাঁকে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেওয়ার কারণে এরফান আলী ও আব্দুর রশিদ ছাত্রদের প্রভাবিত করে বিদ্যালয়ের তালা দেওয়ায়। কিন্তু অভিযুক্ত ওই দুই শিক্ষকসহ তালা লাগানোয় নেতৃত্বদানকারী ছাত্ররাও এসব অভিযোগ অস্বীকার করে।বিদ্যালয়ের এমন উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরফান আলীসহ হুমায়ন কবীর, ইয়াসিন আলী, নজরুল ইসলাম, আক্তারী বেগম ও মিতা রানী দাসের সঙ্গে। তাঁদের মধ্যে একজন শিক্ষকদের কোন্দলের কথা অস্বীকার করলেও বাকি সবাই তা স্বীকার করেন। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার জন্য তাঁরা প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষকের অভাবকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন, মামলা-মোকদ্দমার কারণে আদালতে হাজিরা দেওয়ার জন্যও পাঠদান ব্যাহত হচ্ছে। তবে সবাই বলেন, ছাত্ররা অনুপস্থিত থাকার জন্যই অনেক দিন টিফিনের পর ক্লাস হয় না।