নসিমন-করিমন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গাড়ির চালককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হবে। মহাসড়কে নসিমন-করিমনের চলাচল বন্ধ করবে পুলিশ। এখন থেকে ধীরগতির যানবাহনগুলোকে শুধু সংযোগ সড়কেই চলতে দেওয়া হবে। এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চিঠি দেওয়া হচ্ছে। ঈদ সামনে রেখে গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে দুর্ঘটনা প্রতিরোধ-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ঈদের সময় মহাসড়কগুলোতে পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মহাসড়কে যানজট এড়াতে গাজীপুরের চন্দ্রা, মাওয়া, কাঁচপুর ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সভার ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, মহাসড়কগুলো যানজটমুক্ত করার নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ সফল হলে মানুষ ঈদের সময় নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে। সভায় উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোকে বলেন, নসিমন-করিমন-ভটভটিগুলো চলার কথা সংযোগ সড়কে, কিন্তু এই যানবাহনগুলো অবাধে মহাসড়কে চলছে। দ্রুতগতিসম্পন্ন গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণহীনভাবে ধীরগতির এসব গাড়ি মহাসড়কে চলার কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। বহুবার এ বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত ১৬ আগস্ট যোগাযোগমন্ত্রী আশ্বাস দেন, মহাসড়কে এসব গাড়ি আর চলবে না। মহাসড়কে নসিমন-করিমনের চলাচল বন্ধের পাশাপাশি সভায় ঢাকার রাস্তায় ব্যাটারিযুক্ত গাড়ির চলাচল নিষিদ্ধ করারও দাবি জানানো হয়। পাশাপাশি সভায় উপস্থিত সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রাক মালিক সমিতির নেতারা সড়ক দুর্ঘটনারোধে বেশ কিছু সুপারিশ করেন।সভায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য ঘটনাস্থল থেকে চালককে আটক করা হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শহীদুল হক। স্থানীয় পর্যায়ে জেলা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেপরোয়া গাড়ি চালানো বন্ধে উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেকটি জেলার পুলিশপ্রধান বিষয়টি তদারকি করবেন বলে তিনি উল্লেখ করেন। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল খালেক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিভিন্ন সড়কের অবস্থা এবং নকশার ওপর নির্ভর করে গাড়ি চালনার গতি কত হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়। সেই নিয়ম মেনে চালকদের যানবাহন চালানোর কথা। এ ছাড়া গতি পরিমাপকযন্ত্রের মাধ্যমে বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে কি না, তা নির্ণয় করা যায়। সম্প্রতি মহাসড়কে পুলিশ এই যন্ত্রটির ব্যবহার বাড়িয়েছে বলে জানা গেছে। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ করিম মহাসড়কগুলোতে যেসব ত্রুটি রয়েছে, তা মেরামতের কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি মানিকগঞ্জের উথলিতে যে সড়ক দুর্ঘটনায় সরকারের উচ্চপদস্থ দুজন কর্মকর্তা প্রাণ হারান সেই রাস্তাটি ত্রুটিপূর্ণ ছিল। ঝেরার নয়াডিঙ্গি, গুলরা, মূলজানে যেসব বাঁক রয়েছে সেগুলো অপ্রশস্ত এবং প্রায়ই এসব জায়গায় দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের সড়ক নিরাপত্তা ইউনিটের প্রধান মোহাম্মদ ইফতেখার জাকারিয়া কোন কোন মহাসড়কে ত্রুটি রয়েছে, তা তাঁর বিভাগকে জানানোর জন্য পুলিশকে অনুরোধ করেন। অগ্রাধিকার ভিত্তিতে সড়কের যেসব জায়গায় ত্রুটি রয়েছে সেগুলো মেরামত করা হবে বলেও গতকালের সভায় জানানো হয়েছে।