না থেকেও আছেন বুশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেননি তিনি। অংশ নেননি কোনো বিজ্ঞাপনে। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া দর্শক-শ্রোতারা তাঁর নামও শোনে না। তার পরও প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ঘুরেফিরে আসছে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নাম।গতকাল সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ বিতর্কের প্রধানতম দুটি আলোচ্য বিষয় ছিল অর্থনীতি ও পররাষ্ট্রনীতি। এ দুটি বিষয়ের আলোচনায় জর্জ ডব্লিউ বুশের নাম উচ্চারিত হচ্ছে বিভিন্নজনের মুখে।রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির ক্ষেত্রে বুশের শাসনামল এক রকম বোঝা রয়ে গেছে। তাই হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে যেতে হলে রমনির অন্যতম দায়িত্ব হবে বুশের সময়কার অবনমিত অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় বাতলানো।গত সপ্তাহে দ্বিতীয় নির্বাচনী বিতর্কে এক দর্শক রমনিকে বুশের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সে সময় তিনি নিজেকে বুশের চেয়ে আলাদা বলে উল্লেখ করেছিলেন। তিনি বাজেট ঘাটতি ও চীনের সঙ্গে বাণিজ্যে ব্যর্থতার জন্য বুশকে দায়ী করেছিলেন। আর নিজে এসব ক্ষেত্রে বুশের চেয়ে ভালো করবেন বলে দাবি করেছিলেন। রমনির মতো ওবামাও বুশকে ব্যবহার করেছেন। তিনি অতি বেকারত্ব ও মন্থর প্রবৃদ্ধির দায় থেকে মুক্তি পেতে বুশ প্রশাসনের অর্থনৈতিক ব্যর্থতাকেই সামনে এনেছেন। ভোটারদের অধিকাংশও মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দায় শাসকেরাই দায়ী বেশি। আর এ সুযোগটিই কাজে লাগিয়েছেন ওবামা। বুশকে ঘায়েলে ওবামার আর একটি মন্ত্র ছিল ইরাক ও আফগানিস্তান যুদ্ধ। বুশের নেতৃত্বে ওই দুই দেশে যুদ্ধ হয়েছিল। এ নিয়ে মার্কিন নাগরিকদের হতাশা দূর করেন ওবামা। আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার মধ্য দিয়ে ওবামা প্রশাসন সে হতাশা দূর করেছে। এর ফলে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন ওবামা। এর আগে কর্মসংস্থান তৈরির কথা বলেও ভোটারদের কাছে ততটা সাড়া পাননি তিনি। সোমবার রাতের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজনই এগিয়ে থাকতে বুশকে ব্যবহার করেছেন। বিতর্কে রমনিকে আক্রমণ করে ওবামা বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী বুশকে সুষম অর্থনীতির কাণ্ডারি বলেছেন। আর বুশ সরকারের ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনিকে বুদ্ধিমত্তা ও ন্যায়বিচারের বাহক বলেছেন। তিনি বলেন, ‘ওই দুজন যে ব্যর্থ ছিলেন, আমরা বর্তমানের বিশৃঙ্খল অবস্থা দেখলেই বুঝতে পারি।’ওবামার উল্লিখিত বক্তব্যের পর ছেড়ে কথা বলেননি রমনিও। তিনি মোটরশিল্পে সরকারিভাবে দেওয়া আর্থিক প্রণোদনার উল্লেখ করে বলেন, ওই প্রণোদনার জন্য প্রথম নথিটি স্বাক্ষর করেছিলেন বুশই। রমনি বুশ ও সরকারের সেই উদ্যোগের সমালোচনা করেন। নিউইয়র্ক টাইমস।