না বলা কিছু কথা
চারপাশের নানা ঘটনা ভাবায় অনেককেই। মাথায় ঘোরে নানা প্রশ্ন, নানা প্রস্তাব। নারীমঞ্চের আহ্বানে ‘আমি কী ভাবছি’ বিভাগে লেখা পাঠিয়েছেন অনেকেই।বিষয়ের মধ্যে আছে সাম্প্রতিক ঘটনা কিংবা নিজের কোনো অভিজ্ঞতা...সবকিছুই৩০ বছরের সরকারি চাকরিজীবন পাড়ি দিয়ে এসেছি। দীর্ঘ এই চলার পথে একজন চাকরিজীবী নারী হিসেবে ঘরে ও কর্মস্থলে প্রতিনিয়ত অনেক সমস্যাকেই অতিক্রম করতে হয়েছে। সব সময়ই যে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পেরেছি, তা নয়। তবে বলার অপেক্ষা রাখে না যে অভিজ্ঞতার ঝুলি অনেকটা ভারী হয়ে উঠেছে।দেশে আজ নারীরা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছেন ঠিকই, কিন্তু যত জন শিক্ষিত হয়ে উঠেছেন, ওই তুলনায় চাকরিজীবনে প্রবেশ করতে পারছেন কতজন এবং কতজনই বা কর্মজীবন চালিয়ে যেতে পারছেন, সে ব্যাপারে দেশে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে আমার অভিজ্ঞতা বলে, এ সংখ্যাটা এখনো অনেক কম।মেয়েরা যদি শুধু আদর্শ কন্যা, মা, বধূ বা ভগ্নীই হবে; তবে তাদের উচ্চশিক্ষার দরকারটা কি! অতীতে এ ধ্যানধারণায় উদ্বুদ্ধ হওয়ার কারণেই অন্তঃপুরে বন্দী হয়ে পড়েছিল। আদর্শ কন্যা, মা, বোন বা স্ত্রী হয়ে থাকা হয়তো যায়, কিন্তু তাতে তো নারীর অর্থনৈতিক মুক্তি আসবে না। আর অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত না হলে অত্যাচারিত ও লাঞ্ছিত হওয়ার পথটাও যে প্রশস্তই থেকে যাবে।যদিও অনেকেই চাকরিজীবী নারীকে কটাক্ষ করে থাকেন এবং একটু সুযোগ পেলেই সন্তানের দেখভাল নিয়ে দুটো কথা শুনিয়ে দিতে চেষ্টা করেন। এই দলে পুরুষেরা তো বটেই, নারীরাও আছেন। অবাক লাগে, যখন দেখি এ ধরনের কটাক্ষ করা নারীরা আবার নিজের মেয়েটির ভালো ফলাফলের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। আজকের কন্যাসন্তানটি যদি ভবিষ্যতে চাকরিক্ষেত্রেই প্রবেশ করতে না পারে, তবে তার ভালো ফলাফলে কী আসে-যায়? শুধুই জ্ঞান আহরণের জন্য তো ভালো ফলাফলের প্রয়োজন নেই! আর ভালো স্ত্রী হওয়ার জন্য এবং সন্তানকে মানুষ করে তোলার জন্য সাধারণ কিছু শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে সাধারণ কিছু জ্ঞান থাকাই তো যথেষ্ট!আমার মতে, একজন কর্মজীবী মা-ই পারেন সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে। কারণ, সন্তানের জীবন তো শুধু ঘরকে কেন্দ্র করেই আবর্তিত হয় না, সফল জীবনের লক্ষ্যে তাকে বাইরের জগতে পদার্পণ করতে হয় এবং তার স্বাচ্ছন্দ্য বিচরণের ব্যাপারে একজন চাকরিজীবী মা তাঁর নিজস্ব অভিজ্ঞতার আলোকে অনেকটাই সঠিক ধারণা দিতে পারেন সন্তানকে। অবশ্য বাবার আধিপত্য ছাপিয়ে মাকে মান্য করার সেই মানসিকতা যদি সন্তানের মধ্যে গড়ে তোলা যায়।আধুনিক সমাজবিজ্ঞানীদের মতে, সন্তানকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থরূপে গড়ে তুলতে চাইলে শুধু মা নন, বাবারও যথেষ্ট ভূমিকা থাকা প্রয়োজন। সার্বক্ষণিক সময় নয়; বরং যতটা সম্ভব মা-বাবা দুজনের কাছ থেকেই প্রয়োজন ‘ভালো’ (কোয়ালিটি) সময়ের। বাবার ভূমিকা ছাড়াও পারিপার্শ্বিক সামাজিক পরিবেশ এবং সর্বোপরি রাষ্ট্রের ভূমিকা এ ক্ষেত্রে কম নয়।পুরুষশাসিত সমাজে কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রেই নানা রকম সমস্যা মোকাবিলা করতে হিমশিম খেতে হয়। উপরন্তু পারিবারিক ও সামাজিক দায়িত্ব তো আছেই। যাঁরা অফিসে যান না, তাঁরা হয়তো জানেন না যে আমাদের দেশে অনেক অফিসেই নারীদের সন্তান ও সংসারপ্রীতির জন্য অপদস্থ করার সুযোগ খোঁজেন পুরুষ সহকর্মীরা। নারী বলে তাঁদের এতটুকু ছাড় দিতে রাজি নন তাঁরা।সত্যি কথা বলতে, ‘মা’ তো মা-ই (দু-একজন ব্যতিক্রম)। কর্মজীবী হলেও সন্তানের মঙ্গল চিন্তায় এই মা-ই কর্মক্ষেত্র ও সংসারের অনেক যন্ত্রণা সহ্য করে যান। সুদীর্ঘ চাকরিজীবনে অনেক দেখেছি যে চাকরিজীবী নারীরা সন্তানকে সময় দেওয়ার জন্য কেমন করে বাসায় ছুটে যাওয়ার চেষ্টা করেন, এমনকি ‘বস’ বা সহকর্মীদের কটু কথা উপেক্ষা করেও। স্বামী-সন্তানের সুবিধার কথা চিন্তা করে নিজের পদোন্নতির সম্ভাবনাকে নেতিবাচক করে তুলেছেন, বিদেশে যাওয়ার বা বিদেশে উচ্চশিক্ষা লাভের লোভনীয় হাতছানি উপেক্ষা করেছেন। মহীয়সী মা হিসেবে এই নারীদের কি সমাজ কোনো দিন সম্মান দেখিয়েছে!নিজের সুখ বা বিশ্রামের কথা চিন্তা না করে সন্তানের ভালোর জন্য অক্লান্তভাবে ছুটে চলেন একজন কর্মজীবী মা। অফিসফেরত কোনো মা বিশেষ কোনো কারণ না ঘটলে বাসায় না এসে অন্য কোথাও সময় কাটাতে চলে গেছেন, এমনটি কেউ কখনো দেখেছেন? বরং উল্টোটাই দেখা যায়, অফিস সময়ে বাসায় নিজের অনুপস্থিতির কারণে সৃষ্ট ক্ষতিটুকু পুষিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অফিসফেরত বাবা অনায়াসে বসে পড়েন হয় পেপার নিয়ে, নয়তো টিভির সামনে; কেউ কেউ আবার চলে যান ক্লাবে। অথচ মা নিজের ক্লান্তি ভুলে ব্যস্ত হয়ে পড়েন সন্তানের যত্ন ও পড়াশোনার খোঁজখবর নিতে, সংসারের যাবতীয় কাজ সেরে নিতে। এর পরও যদি সন্তানের সামান্য ভুলত্রুটির জন্য কর্মজীবী মাকেই দায়ী করা হয়, তবে তা একজন কর্মজীবী নারীর জন্য যে কতটা মানসিক চাপের কারণ হয়, তা বলার অপেক্ষা রাখে না।কর্মজীবী মায়ের উপার্জনও কিন্তু সংসার ও সন্তানের উন্নতির জন্যই ব্যয় করা হয়, অনেক পুরুষই হয়তো তা স্বীকার করতে দ্বিধাবোধ করেন। যদিও কোচিংকে ব্যক্তিগতভাবে অপ্রয়োজনীয় মনে করি, তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাবার সন্তানের বেলাতেই দেখেছি, বাবা কোচিংয়ের খরচ দিতে অস্বীকৃতি জানানোয় সন্তানের ইচ্ছায় মা নিজের জন্য একটি টাকাও না রেখে সন্তানের আব্দার পূরণ করে চলেছেন। দুর্মূল্যের বাজারে নিজের জন্য ঈদের কাপড় না কিনে সন্তানের জন্যই ঈদের কাপড় বা শখের জিনিস কিনে নিয়ে আসছেন।কর্মজীবী নারী সুগৃহিণী নন যদি মেনে নেওয়া যায়, তবে হলফ করে কি বলা যাবে যে কর্মজীবী নন এমন সব নারীর সংসারেই পরম শান্তি বিরাজ করছে বা তাঁদের সবার সন্তান একেকজন সোনার ছেলে হয়ে উঠেছে? কর্মজীবী মায়ের সন্তান কোনো অন্যায় করলে সেটা মায়ের দোষ আর গৃহিণী মায়ের সন্তানের ক্ষেত্রে তা হয়ে দাঁড়ায় ভাগ্যের দোষ!এমন অনেক পরিবার আছে, যেখানে বাবাই সংসারের সর্বময় কর্তৃত্বের অধিকারী। কর্মজীবী নারীর অনেকের ক্ষেত্রেও কিন্তু এ কথাটি প্রযোজ্য। এমনকি মাকে সন্তানের সামনে হেয় করে তুলতেও অনেক বাবা দ্বিধাবোধ করেন না। এখন এই পরিবারের সন্তানদের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায়, তবে তার জন্য কি মা-ই দায়ী হবেন, নাকি সন্তানদের ওপর কর্তৃত্ব বজায় রাখতে না পারার জন্য বাবাকে দায়ী করা হবে?জাকিয়া বেগমঅধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ইউআইটিএস