না-বলা কিছু কথা
গত ৭ সেপ্টেম্বর নারীমঞ্চে ‘আমি কী ভাবছি’ বিভাগে সুলতানা ফাহমিদা সিদ্দিকীর ‘তুমি যে কর্মজীবী নারী’ শিরোনামের লেখাটি পড়ে সত্যিই ব্যথিত হলাম। মেয়েরা সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে মুক্তি আশায়। কিন্তু তাতে কি তাঁরা মুক্তি পান?আমার মা একজন কর্মজীবী নারী। প্রকৃতির আলো ফোটার আগেই তাঁকে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠতে দেরি হলে ঠিক সময় অফিসে পৌঁছাতে পারবেন না। সারা দিনের সব কাজ শেষ করেন। সবার জন্য নাশতা তৈরি করেন। সোয়া নয়টার মধ্যে তাঁকে অফিসে পৌঁছাতে হবে। অফিসে তো রয়েছে হাজারো কাজ। আবার সারা দিন অফিস শেষে বাসায় ফিরে পাঁচ মিনিট নিজেকে দেওয়ার সময় তাঁর নেই। এমনকি একবার পত্রিকাও পড়ার সময়ও হয় না।নিজের শখ—গান শোনা, টিভি দেখা—সেগুলো তো হয়-ই না। এ ছাড়া সন্তানেরা সারা দিন কী করল, কী কী পড়া হয়েছে—সেগুলো দেখাও তাঁর দায়িত্ব। সমাজে একটি বাক্য অনেক প্রচলিত—‘ছেলেমেয়ে সমান অধিকার’। সেটা যদি হয়েই থাকে, তাহলে একজন কর্মজীবী নারীকে কেন অফিস থেকে এসে সব সামলাতে হচ্ছে? সাধারণত একজন পুরুষ অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে বিশ্রাম নিতে পারেন। কিন্তু কর্মজীবী নারীকে অফিস থেকে ফিরে আবার অন্যদের সাহায্য করতে হয়। এই ‘সাহায্য’ কি নারী নিজের জন্য পেতে পারে না? নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা বিশ্ববিদ্যালয়।