বিএনপির নেতা ও সাবেক চারদলীয় জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ায় কানাডার তেল ও গ্যাস উত্পাদন কোম্পানি নাইকো রিসোর্চ লিমিটেডকে ৯৫ লাখ কানাডিয়ান ডলার জরিমানা করেছেন সে দেশের আদালত। একই সঙ্গে আদালত কোম্পানিকে তিন বছর পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন। নাইকো আদালতে ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।কানাডার আলবার্ট প্রদেশের কুইন্স বেঞ্চের বিচারক গতকাল শুক্রবার এ রায় দেন। বিচারক স্কট ব্রোকার বলেন, ‘ঘুষ দেওয়ার বিষয়টি কানাডার সব নাগরিকের জন্য বিব্রতকর এবং ক্যালগ্যারির (প্রদেশের সবচেয়ে বড় শহর) জন্য একটি কালো অধ্যায়।’ আদালতে নাইকোর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে একটি গ্যাসকূপে বিস্ফোরণের ক্ষতিপূরণ এড়াতে কোম্পানিটি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ঘুষ হিসেবে এক লাখ ৯১ হাজার কানাডিয়ান ডলার মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুইজার গাড়ি উপহার দেয়। এ ছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রে ভ্রমণবাবদ আরও পাঁচ হাজার কানাডিয়ান ডলারের ব্যয় বহন করে নাইকো। আদালতে কোম্পানিটি এসব অভিযোগ স্বীকার করেছে।অভিযোগ স্বীকারের পর বিচারক স্কট ব্রোকার মামলার প্রসিকিউটরস ও কোম্পানির মধ্যে সমঝোতা হওয়া ৯৫ লাখ কানাডীয় ডলার জরিমানা করার কথা ঘোষণা করেন। এ ছাড়া বিচারক কোম্পানির ওপর কিছু শর্ত আরোপ করে তিন বছর পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন। যাতে কোম্পানিটি কানাডা ও যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের সহযোগিতা করে এবং আইন মোতাবেক হিসাব নিরীক্ষণের কাজ নিশ্চিত করে।নাইকোর প্রধান নির্বাহী এড স্যাম্পসন এক বিবৃতিতে বলেন, ‘যা ঘটেছিল, তা ছিল ভুল। আমরা তা (ঘুষ দেওয়ার বিষয়টি) স্বীকার করছি।’ তিনি আরও বলেন, ‘ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের সংস্থার সব ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে প্রধান পর্যবেক্ষক কর্মকর্তা পদ সৃষ্টি। যিনি আমাদের পরিচালনা পর্ষদে এ ধরনের ঘটনায় সরাসরি রিপোর্ট করতে পারবেন।’নাইকোকে আদালত জরিমানা করার খবরে গতকাল টরন্টো স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারের দাম তিন দশমিক দুই শতাংশ পড়ে যায়। ২০০৯ সালের মের পর এটাই নাইকোর শেয়ারের সর্বনিম্ন দাম।২০০৫ সালের প্রথম দিকে বাংলাদেশে নাইকোর পরিচালনাধীন একটি গ্যাসকূপে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ক্ষতিপূরণ এড়াতে নাইকো তত্কালীন জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনকে বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার বিষয়টি গণমাধ্যমের প্রকাশ পায়। এরপর একই বছরের জুলাইয়ে তিনি পদত্যাগ করেন।