নাইক্ষ্যংছড়ির ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির পলাতক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদের বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণের ঘটনায় গতকাল সোমবার নাইক্ষ্যংছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নেওয়া হয়েছে।কক্সবাজারের পুলিশ বলেছে, রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় কয়েকটি মামলায় তোফাইলের নাম থাকার বিষয়টি বান্দরবানের পুলিশকে আগে থেকে অবহিত করা ছিল। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তবে বান্দরবানের পুলিশ বলেছে, তোফাইলের ব্যাপারে কক্সবাজারের পুলিশের অবহিত করার বিষয়টি সঠিক নয়। তোফাইল সালাম গ্রহণ করার মুহূর্তে কক্সবাজার পুলিশকে জানানো হলেও কোনো কিছু বলা হয়নি।গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনার পরিকল্পনাকারী হিসেবে সরকারি তদন্ত কমিটির ১৮ অক্টোবর দেওয়া প্রতিবেদনে তাঁর নাম আসার পর থেকে তোফাইল পলাতক রয়েছেন। কক্সবাজার পুলিশের গোয়েন্দা শাখার ওসি জাকির হোসেন বলেছেন, উপজেলা চেয়ারম্যান তোফাইলের বিরুদ্ধে কয়েকটি মামলায় নাম রয়েছে। বৌদ্ধপল্লিতে হামলার মামলায় তদন্তে তাঁর নাম উঠে এসেছে। এ ব্যাপারে তোফাইল আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।নাইক্ষ্যংছড়ির লোকজন জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সকালে আকসিঞ্চকভাবে জামায়াত-বিএনপির নেতা-কর্মীবেষ্টিত হয়ে তোফাইল বিজয় দিবসের মঞ্চে এসে হাজির হন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার মাঝখানে দাঁড়িয়ে কুচকাওয়াজে ছাত্রছাত্রী ও পুলিশের সালাম গ্রহণ করেন। তোফাইল সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করার এখনই সময়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি স্বাধীনতার স্থপতি। তবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান রয়েছে।’পরে কক্সবাজার গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে, এ রকম সংবাদ পেয়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তোফাইলের মঞ্চ ছেড়ে চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর কক্সবাজারের গোয়েন্দা পুলিশ (ডিবি) এসে তোফাইলের বাড়ি ঘেরাও করলেও তাঁকে পাওয়া যায়নি। ইউএনও তোফাইলের ডিবি পুলিশের ঘেরাও করার কথা স্বীকার করেছেন।নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিম ইকবাল ও সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আগে থেকে প্রস্তুতি না থাকলে হঠাৎ করে একজন পলাতক ব্যক্তি সরকারি অনুষ্ঠানে হাজির হতে পারেন না। তোফাইলের বাড়ি ঘেরাও করার পুলিশি অভিযানকে সাজানো নাটক বলে দুই নেতা অভিযোগ করেন।বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান নাইক্ষ্যংছড়ির ওসি আবুল কালামকে চট্টগ্রামে প্রত্যাহার করে নেওয়ার কথা স্বীকার করেছেন।বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, তোফাইল চেয়ারম্যান সরকারি কাগজপত্রে নিয়মিত স্বাক্ষর করছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা জানা প্রশাসনের বিষয় নয়। সেটি পুলিশের বিষয় বলে তিনি জানান।