নাইজারের রাজধানীতে সাদি
নাইজারের সরকার জানিয়েছে, লিবিয়ার পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অন্যতম ছেলে সাদি গাদ্দাফি বর্তমানে দেশটির রাজধানী নিয়ামিতে অবস্থান করছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি সীমান্ত অতিক্রম করে নাইজারে প্রবেশ করেছেন। দেশটির সরকার সাদিকে আশ্রয় দিয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, নাইজারে সাদিকে গৃহবন্দী করা হয়েছে। তবে নাইজার সরকারের পক্ষ থেকে সাদির গৃহবন্দীর বিষয়টি নিশ্চিত করা হয়নি। এদিকে একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সাদি গাদ্দাফি বর্তমানে নাইজারের রাজধানী নিয়ামিতে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন।বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ত্রিপোলির পতনের পর গাদ্দাফির অনুগত অনেকই নাইজারে পালিয়ে গেছেন। তবে মুয়াম্মার গাদ্দাফির অবস্থান এখনো জানা যায়নি।