নাইজেরিয়ায় পৃথক হামলায় নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পৃথক হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এসব হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত সোম ও গতকাল মঙ্গলবার এসব হামলা চালানো হয়। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, বরনো রাজ্যের দামবোয়া শহরের বাজারে বনের পশু শিকার করে মাংস বিক্রি করার সময় একদল বিক্রেতাকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। এতে ১৮ জন নিহত হয়। স্থানীয় সরকারি কর্মকর্তা আবা আহমেদ সাংবাদিকদের জানান, এসব শিকারি মূলত বানর ও শূকর শিকার করে মাংস বিক্রি করে থাকে। দেশটিতে মুসলমানদের জন্য এসব পশুর মাংস নিষিদ্ধ।ওই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা বোকো হারামের সদস্য। তাদের গুলিতে ঘটনাস্থলে ১৩ জন ও হাসপাতালে নেওয়ার পর পাঁচজন মারা যায়।অন্যদিকে, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার উত্তর নাইজেরিয়ার কানো শহরে একদল লোক ঘরের বাইরে ঘুঁটি দিয়ে এক ধরনের খেলা খেলছিল। এ সময় কয়েকজন বন্দুকধারী মোটরসাইকেলে করে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন নিহত হয়। এসব লোক জুয়া খেলছিল সন্দেহে জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামি আইনে জুয়া খেলা কঠোরভাবে নিষিদ্ধ। ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটিতে ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার দাবিতে অনেক দিন ধরে সহিংস হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় ২০১০ সাল থেকে এখন পর্যন্ত নাইজেরিয়ার মধ্য ও উত্তরাঞ্চলে প্রায় দেড় হাজার লোক নিহত হয়েছে। এর মধ্যে গত বছর নিহত হয় ৬০০ জন।