নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী গেনি শহরের বেশ কয়েকটি স্থানে বন্দুকধারীদের হামলায় রাজনীতিক ও পুলিশসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গত শুক্রবার শহরের থানা, কারাগার, ব্যাংক ও পানশালায় একই সময়ে বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে।আজ রোববার বিবিসির অনলাইনের এক খবরে বলা হয়, গত শুক্রবার দুর্ঘটনা ঘটলেও গতকাল শনিবার মৃতের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও পুলিশ সন্দেহ করছে, ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালাতে পারে।আদামাওয়া রাজ্যের পুলিশপ্রধান মোহাম্মদ ইব্রাহীম বলেন, ওই হামলার ঘটনায় কারাগারের প্রধান কারারক্ষী, পুলিশের একজন সদস্য ও একজন জনপ্রিয় রাজনীতিকসহ ২৫ জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, বন্দুকধারীদের হামলায় পানশালায় সাতজন, ব্যাংক ও পার্শ্ববর্তী এলাকায় ছয়জন এবং বাকি ১২ জন রাস্তাসহ অন্যান্য স্থানে নিহত হয়েছেন। ব্যাংকটিতে হামলার পর সেখানে কী পরিমাণ অর্থ লুট করা হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।কারা কর্তৃপক্ষ বলছে, হামলাকারীরা বন্দুক, বোমা, মেশিনগান ও গ্রেনেড নিয়ে হামলা চালিয়েছে। এ ছাড়া তারা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদিকে মুক্ত করে নিয়ে গেছে।