নাইজেরিয়ার গির্জায় গুলিতে নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার কোগি রাজ্যে একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে ১৬ জন নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় প্রার্থনা চলাকালে বন্দুকধারীরা ওই গির্জায় হামলা চালায় বলে পুলিশ জানায়। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। কোগি রাজ্য পুলিশের মুখপাত্র সিমিওন ইলে রয়টার্সকে জানান, ওকেনেতে অবস্থিত ডিপার লাইফ চার্চে অজ্ঞাত তিন বন্দুকধারী অতর্কিতে ঢুকে গুলি ছোড়ে। এতে ১৬ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী একজন জানান, প্রার্থনা করতে যাওয়া লোকজনের ওপর এ হামলা চালানোর আগে প্রায় ১০ জন বন্দুকধারী গির্জার প্রবেশ দরজায় অবস্থান নেয়। ইলে আরও বলেন, গত মাসে ওকেনের আরেকটি গির্জায় পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করে। বিস্ফোরণ ঘটানোর আগেই পুলিশ সন্দেহভাজন ওই হামলাকারীকে ঠেকায়। চলতি বছর ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটির বিভিন্ন গির্জায় হামলা চালিয়েছে। তবে জঙ্গি সংগঠনটি সাধারণত যে এলাকায় হামলা চালায়, এবারের হামলার স্থান তার চেয়ে অনেকটা দক্ষিণে।