নাইজেরিয়ার তিন রাজ্যে জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যে গতকাল মঙ্গলবার জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই রাজ্যগুলোতে ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের সহিংস তত্পরতা বেড়ে যাওয়ায় তা দমনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যে নিরাপত্তা বাহিনী ও সরকারি লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে বোকো হারাম। গত সপ্তাহে বারনো রাজ্যের বামা শহরে সশস্ত্র হামলা চালিয়ে শতাধিক কয়েদিকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় জঙ্গিরা। ওই হামলার ঘটনায় ৫৫ ব্যক্তি নিহত হয়, যাদের অধিকাংশই ছিল পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।বোকো হারামের জঙ্গি তত্পরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল সংশ্লিষ্ট তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন জনাথন। রাজ্যগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েনে প্রতিরক্ষা প্রধানকে নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।