নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ারআদুয়া মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ারআদুয়া আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর গতকাল বুধবার গভীর রাতে তিনি মারা যান। ৫৮ বছর বয়সী এই নেতা হূদরোগ ও কিডনি-সংক্রান্ত শারীরিক সমস্যায় ভুগছিলেন। উমারু ইয়ারআদুয়ার মৃত্যুতে নাইজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। তিনি কিছুদিন আগে উমারু ইয়ারআদুয়ার অসুস্থতাজনিত কারণে জোনাথন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। খবর রয়টার্সের। ইয়ারআদুয়া ও জোনাথন ২০০৭ সালের এপ্রিলে নাইজেরিয়ার গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। ইয়ারআদুয়ার মৃত্যুতে তাঁর স্থলাভিষিক্ত জোনাথন এখন নতুন করে একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেবেন। নতুন এই জুটি দেশটির সংবিধান অনুযায়ী উমারু ইয়ারআদুয়া সরকারের বাকি মেয়াদে দায়িত্ব পালন করবেন। নাইজেরিয়ায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ২০১১ সালের এপ্রিল মাসে।প্রেসিডেন্ট উমারু ইয়ারআদুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভাইস প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বলেছেন, ‘নাইজেরিয়া তার মুকুটের এক মহামূল্যবান রত্নকে হারাল।’ প্রেসিডেন্ট উমারু ইয়ারআদুয়াকে আজ বৃহস্পতিবার তাঁর নিজ জন্মস্থান কাটসিনাতে কবর দেওয়া হবে। তাঁর মৃত্যুতে নাইজেরিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ারআদুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘উমারু ইয়ারআদুয়ার শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার অন্তরের অন্তস্তল থেকে রয়েছে সমবেদনা।উমারু ইয়ারআদুয়া নাইজেরিয়ার রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। আইনের শাসন প্রয়োগের মাধ্যমে সাধারণ নাইজেরীয়দের আস্থা অর্জন করেছিলেন। তাঁর এই কয় বছরের শাসনামল ছিল নাইজেরিয়ার ইতিহাসের অন্যতম সমৃদ্ধ সময়। তিনি ছিলেন নাইজেরিয়ার রাজনৈতিক ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট প্রেসিডেন্ট। নাইজেরিয়ার খনিজসম্পদে সমৃদ্ধ নাইজার ডেল্টায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাকে উমারু ইয়ারআদুয়ার সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হয়। এর পাশাপাশি তিনি কিছু অর্থনৈতিক সংস্কারের কাজে হাত দেন, যার সুফল নাইজেরীয়রা পাচ্ছে।