নাইজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মন্ত্রিসভা ভেঙে দিলেন
নাইজেরিয়ার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। গতকাল বুধবার রাতে তিনি এ ঘোষণা দেন। দেশটির প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়া দীর্ঘকাল অসুস্থ থাকায় জোনাথন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সৌদি আরব থেকে চিকিত্সা শেষে দেশে ফিরেছেন আদুয়া। কিন্তু তিনি এখনো জনসমক্ষে আসেননি। মন্ত্রিসভা বিলুপ্ত করায় নাইজেরিয়ায় নেতৃত্বের সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তবে তথ্যমন্ত্রী দোরা আকুনিলি মন্ত্রিসভার সদস্যদের আশ্বস্ত করে বলেন, স্থায়ী সচিবরা নাইজেরিয়ার সরকার পরিচালনার দায়িত্ব নেবে। আকুনিলি আরও জানান, জোনাথন শিগগিরই জাতীয় পরিষদে নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করবেন। নাইজেরিয়ার নোবেল পুরস্কারজয়ী লেখক ওল সয়িনকা বলেছেন, জোনাথন অনেক দেরিতে মন্ত্রিসভা বিলুপ্ত করার সিদ্ধান্তটি নিলেন। এটা অনেক আগেই নেওয়া দরকার ছিল। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি নাইজেরিয়ার অ্যাসেম্বলি জোনাথনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে নাইজেরিয়ায় মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে সহিংসতা বেড়েছে। জোস শহরে জাতিগত সহিংসতায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। গতকাল ওই শহরের কাছে খ্রিষ্টান-অধ্যুষিত একটি গ্রামে সহিংসতায় ১০ জন নিহত হয়। — রয়টার্স।