নাইজেরিয়ায় আবারও সহিংসতা, নিহত ২০
নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল শুক্রবার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ওপর বন্দুকধারীরা ফের হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে। দেশটির গমবে শহরের একটি গির্জায় হামলার পরের দিন এ সহিংসতার ঘটনা ঘটল। পশ্চিমা একটি বার্তা সংস্থার খবরে বলা হয়, দেশটির আদামাওয়া প্রদেশের মুগবি শহরে গতকাল একটি টাউন হলে খ্রিষ্ট ইগবো সম্প্রদায়ের ওপর পাঁচ বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। শহরের বাসিন্দা ও ত্রাণ কর্মকর্তারা জানান, এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়। তবে পুলিশ ১২ জন নিহত হওয়ার কথা বলেছে। ওই টাউন হলে তাঁরা গত বৃহস্পতিবারের সহিংসতায় নিহতদের স্মরণে শোকসভা করছিল।স্থানীয় সাংবাদিক ও হাসপাতাল সূত্র জানায়, বন্দুকধারীরা গতকাল শুক্রবার রাতে একই প্রদেশের ইয়োলা শহরের একটি গির্জায় হামলা চালায়। এতে গির্জার ভেতরে থাকা আট ব্যক্তি নিহত হন।গত বৃহস্পতিবার গমবে শহরের একটি গির্জায় প্রার্থনাকালে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ওপর অব্যাহত সহিংসতায় আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে আবারও ধর্মীয় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। নাইজেরিয়ায় প্রায়ই মুসলমান ও খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে থাকে।এদিকে, দুই দিনের ওই হামলার দায় স্বীকার করেছে দেশটির ইসলামপন্থী সংগঠন বোকো হারাম। বিবিসি।