নাইজেরিয়ায় কয়েকটি এলাকায় জরুরি অবস্থা
নাইজেরিয়ার কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের সন্ত্রাসী তত্পরতার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট গুডলাক জনাথন গতকাল শনিবার এই জরুরি অবস্থা জারি করেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বড়দিনে নাইজেরিয়ার কয়েকটি এলাকায় সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বোকো হারাম ওই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর সন্ত্রাসী গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে প্রেসিডেন্ট গুডলাক এই পদক্ষেপ নিলেন।গতকাল জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে গুডলাক কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। একই সঙ্গে বোকো হারামকে দমন করতে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। বোকো হারামের সন্ত্রাসী হামলার শিকার দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।গুডলাক জানান, সন্ত্রাসী দমনে ওই সব এলাকার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, দেশটির বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ সামনে রেখে এই ব্যবস্থা হবে সাময়িক এবং অচিরেই তা তুলে নেওয়া হবে।