নাইজেরিয়ায় ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় গতকাল রোববার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনের উত্সব চলাকালে ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।আন্তর্জাতিক সম্প্রদায় এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন হামলার নিন্দা জানিয়ে নাইজেরিয়ার জনগণ ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।হোয়াইট হাউস এ হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন সহিংসতা’ বলে অভিহিত করেছে। নাইজেরিয়ায় গতকালের হামলাকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন।রাজধানী আবুজার শহরতলি মাডালায় সেন্ট তেরেসা নামের একটি ক্যাথলিক গির্জায় গতকাল সকালে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩৫ ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়। এ ছাড়া গতকাল নাইজেরিয়ায় আরও চারটি হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে জস শহরে বোমা হামলা ও গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ডামাতুরা শহরে দুটি বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হয়েছে। ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।গত বছরের বড়দিনের উত্সবে জস শহরের কেন্দ্রস্থলে ধারাবাহিক বোমা হামলার দায়ও স্বীকার করে বোকো হারাম। ওই হামলায় ৩২ জন নিহত হয়।