নাইজেরিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচ শতাধিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচ শতাধিক লোক নিহত হয়েছে। দেশটির একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। এ ছাড়া সংগঠনটি আসন্ন প্রাদেশিক নির্বাচনেও সহিংসতার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।নাইজেরিয়ার সিভিল রাইটস কংগ্রেস (সিআরসি) গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচন-পরবর্তী দুই দিনে কাদুনা প্রদেশের তিনটি শহরেই পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে ৪০ হাজার লোক। রাজনৈতিক প্রতিপক্ষের শত শত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিআরসি প্রেসিডেন্ট শিহু সানি বলেছেন, সংগঠনটির সদস্যদের নিজস্ব অনুসন্ধানে ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।নাইজেরিয়ায় ১৬ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন তাঁর প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারিকে বিপুল ভোটে পরাজিত করে। নির্বাচন কমিশন জোনাথনকে বিজয়ী ঘোষণার পরপরই মুসলমান অধ্যুষিত উত্তরাঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মত দিয়েছেন। বিশ্ব নেতারাও বিজয়ী হওয়ায় জোনাথনকে অভিনন্দন জানিয়েছেন।