নাইজেরিয়ায় নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় গতকাল শুক্রবার একটি নির্বাচনী কার্যালয়ে বোমা হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির রাজধানী আবুজার উত্তর-পশ্চিমাঞ্চলের সুলেজা এলাকায় এ হামলা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আজ শনিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল। ফলে সেখানে আজ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আশঙ্কা দেখা দিয়েছে।দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন একে ন্যক্কারজনক হামলা হিসেবে বর্ণনা করেছেন। এ ছাড়া তিনি স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের নিরাপত্তা আরও জোরদার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। গতকালের বোমা হামলায় দায় তাত্ক্ষণিকভাকে কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ায় এ ধরনের হামলার জন্য কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করা হয়। বিশ্লেষকদের অনেকে বলছেন, রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এ গোষ্ঠীর নাম ব্যবহার করা হচ্ছে। এদিকে নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, গতকাল উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশে বন্দুকধারীদের হামলায় ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির শীর্ষ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। তাঁরা এ সময় নির্বাচনী সামগ্রী বিতরণ করছিলেন।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের হিসাব মতে, দেশটিতে গত নভেম্বর থেকে নির্বাচন-সংশ্লিষ্ট রাজনৈতিক সহিংসতায় ৮৫ জন নিহত হয়েছে।আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণে বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর আজ এ নির্বাচন হবে। পার্লামেন্ট নির্বাচনের এক সপ্তাহ পর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট নেওয়ার কথা রয়েছে।