নাইজেরিয়ায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ৫০
নাইজেরিয়ায় মুসলিম-অধ্যুষিত উত্তরাঞ্চলে নির্বাচনোত্তর সহিংসতায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পুনরায় বিজয়ী হওয়ার খবরে মুসলিম-অধ্যুষিত অঞ্চলে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে গতকাল পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে উদ্ধার কর্মীরা জানিয়েছেন। এ ছাড়া সহিংসতায় বহু মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছে। হাসপাতালগুলো আহতদের দিয়ে ভরে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় কাদুনা শহরে অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখা গেছে। স্বাস্থ্য কর্মীরা শহরটি থেকে গতকাল মঙ্গলবার ১২ জনের লাশ উদ্ধার করেছেন। বাউচি প্রদেশের পুলিশ জানিয়েছে, দাঙ্গায় নির্বাচনী সহযোগী সংস্থা ন্যাশনাল ইউথ করপস ও দুজন পুলিশ সদস্য নিহত হয়েছে। তবে স্থানীয় খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রধান জানিয়েছেন, সহিংসতায় তাঁদের ১০ জন সদস্য নিহত হয়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলের অন্যান্য শহরে সহিংসতায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। সহিংসতা থেকে রক্ষা পেতে সীমান্ত দিয়ে অনেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাচ্ছে।দাঙ্গা মোকাবিলায় কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেনারা রাস্তায় টহল দিচ্ছে। তবে যেসব ছোট শহরে সেনা উপস্থিতি কম সেখানে সহিংসতা এখনও অব্যাহত রয়েছে।জোনাথনের প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারির সমর্থকেরা ভোট জালিয়াতির অভিযোগ এনে গত রবিবার থেকে সহিংসতায় জড়িয়ে পড়ে। বুহারিও গতকাল প্রথমবারের মত ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। তবে তিনি সহিংসতাকে দুঃখ ও দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করে সবাইকে শান্ত থকার আহ্বানও জানিয়েছেন।আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে গত শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। দেশটির নির্বাচন কমিশনে ঘোষিত ফলাফলে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট জোনাথন প্রায় ৫৭ শতাংশ ভোট জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদু বুহারি পেয়েছেন ৩১ শতাংশ ভোট। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচন অবাধ ও স্বচ্ছ হয়েছে বলে মত দিয়েছেন।এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে। সহিংসতার নিন্দা জানিয়ে সব পক্ষকে ফলা মেনে নিতে আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন।