নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে গুডলাক জনাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জনাথন নিশ্চিত বিজয়ের পথে রয়েছেন। তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত জেনারেল মুহাম্মাদু বুহারির থেকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।আঞ্চলিক কর্মকর্তাদের দেওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, দেশটির ৩৬টি প্রদেশের ৩৫টিতে গুডলাক জনাথন পেয়েছেন দুই কোটি ২০ লাখ ভোট। আর বুহারি এক কোটি ২০ লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।তবে জনাথনের নির্বাচনী কর্মকর্তারা বলছেন, স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিজয়ী হওয়ার দাবি করা যাচ্ছে না। জনাথন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় দফা ভোট গ্রহণের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। গত শনিবার আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। পর্যবেক্ষকেরা বলছেন, কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে স্বচ্ছ হয়েছে। এ ছাড়া অতীতের তুলনায় অনেক শান্ত পরিস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।নির্বাচনী ফল বিশ্লেষণে দেখা গেছে, জনাথন মূলত দক্ষিণাঞ্চলীয় খ্রিষ্টান অধ্যুষিত এলাকায় বেশি ভোট পেয়েছেন।