নাইজেরিয়ায় বন্দুকযুদ্ধে ৩০ জঙ্গি নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গতকাল রোববার ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এলি লাজারাস জানান, দামাতুরুতে কয়েক ঘণ্টা ধরে সেনাবাহিনীর সঙ্গে এই বন্দুকযুদ্ধ চলে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে।লেফটেন্যান্ট লাজারাস এক বিবৃতিতে আরও জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বোকো হারামের ফিল্ড কমান্ডার বাকাকাও রয়েছেন। তিনি বোকো হারামের নেতা আবুবকর শেকাওয়ের ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন। তবে পুলিশের দাবি, বন্দুকযুদ্ধ ও সংঘর্ষে চারজন জঙ্গি নিহত হয়। জঙ্গি দল বোকো হারাম নাইজেরিয়া থেকে সরকার উচ্ছেদ ও শরিয়া আইন চালুর জন্য লড়াই করে যাচ্ছে। নাইজেরিয়ার সেনাবাহিনী সম্প্রতি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে বলে ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষের দাবি, নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে ২০১০ সাল থেকে বোকো হারামের হামলায় এ পর্যন্ত এক হাজার ৪০০ জনের প্রাণহানি ঘটেছে।