নাইজেরিয়ায় মুসলমান-খ্রিস্টান সংঘর্ষ, নিহত ৯
নাইজেরিয়ার জোস শহরে রমজানের শেষ দিনে মুসলমানদের ওপর অস্ত্রধারী একদল খ্রিস্টান যুবক হামলা চালিয়েছে। গতকাল সোমবারের ওই হামলায় নয়জন মুসলমান নিহত ও ১০৬ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলের প্রধান সিতু মোহাম্মদ এ কথা জানিয়েছেন। জোস শহরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাসান উম্মারু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মুসল্লিরা নামাজ শেষে ফেরার সময় একদল অস্ত্রধারী যুবক তাদের ওপর হামলা চালায়। ওই যুবকেরা বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকজন নিহত হন। তবে নিহতের সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি। আমরা স্থানীয় হাসপাতালে খোঁজ খবর নিচ্ছি।’সিতু মোহাম্মদ জানান, এ সংঘর্ষে মুসলিম সম্প্রদায়ের নয়জন নিহত ও ১০৬ জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ২০জন অভিভাবক তাঁদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, খ্রিস্টান যুবকেরা রাস্তা আটকে জোস শহরের গাদা বিউ ও রুকুবা এলাকায় মুসলমানদের ওপর হামলা চালায়।গত বছর ক্রিসমাসের সময় এই শহরে বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়। বলা হচ্ছে, ওই হামলার প্রতিশোধ নিতে যুবকেরা এ হামলা চালাতে পারে।