নাইজেরিয়ায় শিক্ষার্থীদের হোস্টেলে গুলি, নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মুবি এলাকায় শিক্ষার্থীদের একটি হোস্টেলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ২০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ফেডারেল পলিটেকনিক মুবি ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। খবর বিবিসির। তবে ফেডারেল পলিটেকনিকের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের দাবি, গুলিতে ৪০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে ঠিক কতজন নিহত হয়েছেন, সে ব্যাপারে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক আরও জানান, বন্দুকধারী হোস্টেলের শিক্ষার্থীদের লাইনে দাঁড় করায়। এরপর একে একে শিক্ষার্থীদেরকে নাম বলতে বলা হয়। এটা স্পষ্ট নয় যে বন্দুকধারী কেন বেছে বেছে কয়েকজন শিক্ষার্থীকে গুলি করল। তবে ওই শিক্ষক বলেছেন, যেসব শিক্ষার্থীকে মারা হয়েছে তাঁরা সবাই মুসলিম। এ ঘটনার পর ফেডারেল পলিটেকনিক মুবির শিক্ষার্থীরা আতঙ্কে আছেন। তাঁরা দরজা বন্ধ করে হোস্টেলের ঘরের ভেতরে আশ্রয় নিয়েছেন। অনেকেই শহর ছেড়ে চলে যাচ্ছেন। এ সময় তাঁরা তাঁদের গাড়িতে গাছের পাতা ঝুলিয়ে রাখছেন। এটি নাইজেরিয়ার নিরপেক্ষতার ঐতিহ্যের প্রতীক। বোকো হারেমের জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনার পর এই হামলার ঘটনা ঘটল। বোকো হারেমের জঙ্গিরা নাইজেরিয়ায় ইসলামিক আইন প্রতিষ্ঠার পক্ষে। এ বছর নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও কেন্দ্রে বোকো হারেমের জঙ্গিদের চালানো সহিংসতা ও সংঘর্ষে এক হাজার লোক প্রাণ হারিয়েছে। বিবিসি।